
নিউজ ডেস্ক : বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে আজ ৩০ নভেম্বর বৃহস্পতিবার সারাদেশে আধাবেলা হরতাল ডেকেছে সিপিবিসহ বাম দলগুলো। গত বৃহস্পতিবার বিইআরসির ঘোষণার পর পরই এই হরতাল কর্মসূচি দেয় সিপিবি, বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা। বুধবার এক সমাবেশ থেকে বাম দলগুলো হুমকি দিয়েছিল, বিদ্যুতের দাম বাড়ানো হলে হরতাল দেওয়া হবে। পরবর্তীতে গত বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ৩৫ পয়সা বা ৫ দশমিক ৩ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত জানায়, যা আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে।
গণশুনানির পর বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগের প্রতিবাদে আগের দিন সারাদেশের জেলায় জেলায় সমাবেশ করেছিল বাম দলগুলো। জাতীয় প্রেস ক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচিতে সিপিবির সাধারণ সম্পাদক শাহ আলম বলেছিলেন, “গণশুনানির নামে প্রহসন হয়েছে। বিদ্যুতের দাম যদি আবার বাড়ানোর ঘোষণা দেওয়া হয়, তাহলে হরতাল ছাড়া আমাদের বিকল্প কিছু করার থাকবে না।”
উল্লেখ্য গত বৃহস্পতিবারই বিইআরসি দাম বাড়ানোর ঘোষণা দেওয়ার পর বাম দলগুলোর নেতারা জরুরি বৈঠকে বসেন। ওই বৈঠকের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ ৩০ নভেম্বর সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল আহ্বানের কথা জানানো হয়। ঐদিন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছিলেন, “এটা একটি গণবিরোধী সিদ্ধান্ত। আমরা এ সিদ্ধান্তের প্রতিবাদ জানাই। সেই প্রতিবাদের অংশ হিসেবেই ৩০ নভেম্বর সারা দেশে আমরা হরতাল ডেকেছি।”