
নিউজ ডেস্কঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের (লেভেল-১ সেমিস্টার-১) মেধা তালিকাভুক্ত প্রার্থীদের ভর্তি প্রক্রিয়া শেষ হয়েছে। ১২০০ আসনের বিপরীতে মেধা তালিকাভুক্ত শিক্ষার্থী হতে মোট ৭৭৩ জন ভর্তি হয়েছে। অর্থাৎ আসন ফাঁকা রয়েছে ৪২৭টি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ছাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেধা তালিকাভুক্ত প্রার্থীদের ভর্তি নেয়া হয়। ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, ভেটেরিনারি অনুষদে ৬৭, কৃষি অনুষদে ১৩৪, পশু পালন অনুষদে ৫২ কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদে ৫৯, কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের কৃষি প্রকৌশলে ৬১ ও ফুড ইঞ্জিনিয়ারিংয়ে ১৯ এবং মৎস্যবিজ্ঞান অনুষদে ৩৬টি আসন শূন্য রয়েছে।
শূন্য আসন থাকা শর্তে মেধা ও প্রদত্ত অপশন অনুযায়ী অটোমাইগ্রেশন সম্পন্ন করে শূন্য আসনের তালিকা আগামী ৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে প্রকাশ করা হবে। অপেক্ষমান তালিকাভুক্ত প্রার্থীদেরকে আগামী ১০ ডিসেম্বর ২০১৭ তারিখ সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে সশরীরে উপস্থিত হয়ে রিপোর্ট করতে হবে। ওইদিন রাত ৮টার মধ্যে রিপোর্টকৃত প্রার্থীদের মধ্য থেকে মেধাভিত্তিতে ফলাফল প্রকাশ করা হবে। আগামী ১১ ডিসেম্বর ২০১৭ তারিখ সকাল ১০টা থেকে বিকাল ৫টার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ সশরীরে উপস্থিত হয়ে নির্বাচিত প্রার্থীদের ভর্তির কাজ সম্পন্ন করতে হবে। ভর্তি পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.bau.edu.bd) পাওয়া যাবে।