News71.com
 Bangladesh
 01 Dec 17, 08:12 AM
 140           
 0
 01 Dec 17, 08:12 AM

ভূয়া পরিচয়ে পাসপোর্ট তৈরী করে রোহিঙ্গা নারীদের বিদেশে পাচার করতে মরিয়া দালাল চক্র

ভূয়া পরিচয়ে পাসপোর্ট তৈরী করে রোহিঙ্গা নারীদের বিদেশে পাচার করতে মরিয়া দালাল চক্র

নিউজ ডেস্কঃ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নারী শ্রমিকদের চাহিদা রয়েছে । একশ্রেনীর দালাল চক্রের সহায়তা। একটি সংঘবদ্ধ মানব পাচার চক্র গত কয়েক বছর ধরে চড়া দামে দেশের বিভিন্ন এলাকা থেকে যুবতি মেয়েদের সংগ্রহ করে বিদেশে পাচার করছে। আর এখন তারা এ কাজে গুরুত্ব দিচ্ছে রোহিঙ্গা নারীদের। কারন নামমাত্র টাকা খরচ করলেই সহজেই পাওয়া যাচ্ছে সহায় সম্বলহীন এই অসহায় রোহিঙ্গা নারীদের। জীবন বাচানোর তাগিদে, দু’বেলা দু’মুঠো খাবার জোগাতে তারা যেকোন প্রকার কাজের জন্য মুখিয়ে আছেন । আর এই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা নারীদের ভুয়া পরিচয়ে পাসপোর্ট করিয়ে বিদেশে পাচার করছে মরিয়া হয়ে উঠেছে দালাল চক্র। এ কাজে লিপ্ত রয়েছে পুরনো রোহিঙ্গা দালালরা। রোহিঙ্গা ললনাদের পাচার করতে কক্সবাজার ও অন্য জেলার স্থানীয বাসিন্দাদের টাকার লোভে বশে এনে কৌশলে বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোপূর্বে কিছু রোহিঙ্গা নারী বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করতে এসে ধরা পড়ায় তারা এখন কক্সবাজার জেলার বাইরে থেকে পাসপোর্ট তৈরী করছে। প্রায় শতাধিক সুন্দরী রোহিঙ্গা নারীর পাসপোর্ট তৈরী করতে ফরম জমা করা হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পাসপোর্ট ফরম জমা হওয়ার পর পুলিশের তদন্ত প্রতিবেদন জমা হতে হয় সংশ্লিষ্ট দপ্তরে। পুলিশ স্থায়ী ও বর্তমান ঠিকানাসহ সব জায়গাতে গিয়ে তদন্ত করে থাকে।পুলিশের তদন্ত প্রতিবেদন পাওয়া না গেলে কাউকে পাসপোর্ট দেয়া হয় না। তাই তদন্তকারী পুলিশকে ম্যানেজ করে দালালদের কেউ কেউ রোহিঙ্গা নারীর পাসপোর্ট পেয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। রোহিঙ্গা দালালরা বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র নকল করে স্থানীয় জনপ্রতিনিধি ও একটি দালাল চক্রের মাধ্যমে বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট পেতে মরিয়া হয়ে উঠেছে। জাতীয় পরিচয়পত্র হুবহু নকল করে তাদের পাসপোর্ট অফিসে পাঠানো হচ্ছে। তবে ভুয়া এনআইডি শনাক্ত করতে ব্যাপক যাচাই-বাছাই করছে পাসপোর্ট অফিসের দায়িত্বরতরা। কক্সবাজারে সহজে কোনও রোহিঙ্গা বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট পাচ্ছে না দেখে তারা বর্তমানে জেলার বাইরে দৌড়ঝাঁপ শুরু করেছে।

সূত্র জানায় পাচারের জন্য কোন নারী ঠিক করা হলে দালালরা টাকা দিত তার অভিভাবককে। কিন্তু রোহিঙ্গাদের বেলায় এখন তার উল্টো। দাললকে টাকা দিয়েই তাদের মেয়েকে তুলে দিচ্ছে রোহিঙ্গারা। মধ্য প্রাচ্যে আগে থেকে বসবাসরত রোহিঙ্গাদের (স্বজন) সঙ্গে যোগাযোগ করে টেকনাফ ও উখিয়া ক্যাম্পে আশ্রিত কিছু রোহিঙ্গা তাদের মেয়েকে পাঠিয়ে দিচ্ছে বিদেশে। এ জন্য যতটুকু সম্ভব দালালকে উল্টো টাকা ধরিয়ে দিচ্ছে ওই রোহিঙ্গা নারীদের অভিভাবক। তাদের উদ্দেশ্য মেয়ে যদি বিদেশে চলে যেতে পারে, তা হলে যে কোনদিন আশ্রিত রোহিঙ্গা পরিবারের কেউ কেউ পাড়ি দিতে পারবে বিদেশে। নতুবা মিয়ানমারে ফিরে না গিয়ে দেশের কোথাও পালিয়ে ভাড়া বাসায় সুখে দিনযাপন করতে পারবে তারা। এ লক্ষ্যে আশ্রিত ক্যাম্পের যেসব কক্ষে সুন্দরী রোহিঙ্গা ললনা রয়েছে, তাদের কাছে পুরনো রোহিঙ্গা দালালরা বিদেশে নিয়ে যেতে প্রস্তাব রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। পুরনো রোহিঙ্গা দালাল চক্র (আরএসও) একজন নারী বিদেশে অবস্থানকারী রোহিঙ্গার হাতে তুলে দিতে কণ্ট্রাক্ট করছে দুই থেকে তিন লক্ষ টাকায়। তন্মধ্যে পাসপোর্ট বাবদ খরচ করছে ৭০-৮০হাজার টাকা পর্যন্ত। জেলার বিভিন্ন উইনিয়নে ও জেলার বাইরে কিছু স্থানীয় বাসিন্দা ঠিক করে তাদের মেয়ের নামে রোহিঙ্গা মেয়েদের পাসপোর্ট তৈরী করে দেয়া হচ্ছে। বিনিময়ে ওই ভূয়া অভিভাবককে ২০ থেকে ৩০ হাজার টাকা বখশিশ দেয়া হয়ে থাকে বলে সূত্র জানিয়েছে।

 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন