
নিউজ ডেস্কঃ ফরিদপুর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন,আমার রাজনীতি উন্নয়নের রাজনীতি, যারা এমপি, মন্ত্রী হয়ে এলাকার উন্নয়ন করতে পারে না,তাদের ভোট দেবেন না। ঐ সকল নৌকার মাঝি পরিবর্তন করে উন্নয়নের মাঝিকে ভোট দিন। তিনি আজ শনিবার ভাংগা ও সদরপুর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগকালে কৃষ্ণপুর ইউনিয়নের বাড়ৈরহাটে এক পথ সভায় একথা বলেন। তিনি আরো বলেন,সদরপুরের বৃহত্তর ইউনিয়ন কৃষ্ণপুরকে বিছিন্ন করে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) নির্বাচনী আসনে নেওয়ায় গত ১৪ বছরে এখানে কোন উন্নয়ন হয়নি। কৃষ্ণপুরবাসীর ভোটের অধিকার ফিরিয়ে দিতে তাদের ফরিদপুর-৪ আসন সদরপুরের অন্যান্য ৮টি ইউনিয়নের সাথে একত্রিত করে উন্নয়ন করতে হবে।
সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন,জামায়াত-বিএনপি ও যুদ্ধাপরাধীরা আওয়ামী লীগে ঢুকে বিশৃংখলাতার সৃষ্টি করে উন্নয়নকে ব্যাহত করছে। ঐ সকল সুবিধাবাদীদের দল থেকে বিতাড়িত করে প্রকৃত আওয়ামী লীগদের মূল্যায়ন করতে হবে। এজন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে বুঝিয়ে দিতে হবে,কাদের জন্য আওয়ামী লীগের বদনাম হচ্ছে। তিনি বলেন,আমি আওয়ামী লীগের বিরোধী রাজনীতি করি না। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে ফরিদপুর-৪ আসনের উন্নয়ন করতে পারছি। আমি জন্মসূত্রে আওয়ামী লীগের রক্ত মাংসে বড় হয়েছি ও জাতির পিতার দৌহিত্র। তিনি আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।