News71.com
 Bangladesh
 06 Dec 17, 06:42 AM
 175           
 0
 06 Dec 17, 06:42 AM

ইবি’র ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিল ।। ভোগান্তিতে ১১ হাজার ছাত্র-ছাত্রী

ইবি’র ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিল ।। ভোগান্তিতে ১১ হাজার ছাত্র-ছাত্রী

নিউজ ডেস্কঃ প্রশ্নপত্রে অসঙ্গতিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের দুই শিফটের পুন:পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এতে ভোগান্তিতে পড়েছে প্রায় ১১ হাজার ভর্তিচ্ছুক। অধিকাংশ শিক্ষার্থীরা ক্যাম্পাস ত্যাগ করে চলে গেছেন বলে জানা গেছে। আবার অনেক শিক্ষার্থী পরীক্ষা বাতিলের খবর শুনে ফিরে আসে। তবে প্রশ্নে অসঙ্গতির বিষয়টি খতিয়ে দেখার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো তদন্ত কমিটি গঠন করেনি বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,একই প্রশ্ন দিয়ে ‘সি’ ইউনিটে দুই শিফটে পরীক্ষা নেয় কর্তৃপক্ষ। এতে ভর্তি পরীক্ষা কমিটির জরুরী সভায় গতকাল মঙ্গলবার ৩টার দিকে সি ইউনিটের দ্বিতীয় শিফট বাতিল ও তৃতীয় শিফট স্থগিতের সিদ্ধান্ত হয়। এ বছন ‘সি’ ইউনিটে ১৭ হাজার ৪৭২ জন শিক্ষার্থী আবেদন করে। যার মধ্যে সিট প্লানিং অনুযায়ী,প্রথম শিফটে ৬ হাজার ৫২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। দ্বিতীয় শিফটেও সমপরিমাণ শিক্ষার্থী পরীক্ষা দেয়। তবে প্রশ্নে অসঙ্গতি থাকার কারণে এদের পরীক্ষা বাতিল করা হয়। এছাড়া তৃতীয় শিফটের ৪ হাজার ৪৩২ জন শিক্ষার্থীর ভর্তি পরীক্ষা স্থগিত করে প্রশাসন।

ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী,আগামী শুক্রবার সকাল ৯টা এবং ১১টায় দুই শিফটে পুন:পরীক্ষা নেওয়া হবে। এতে চরম ভোগান্তিতে পড়েছে ভর্তিচ্ছুকরা। অধিকাংশ শিক্ষার্থীই পুন:পরীক্ষার সিদ্ধান্তের আগেই ক্যাম্পাস ত্যাগ করে। এর মধ্যে অনেকে পথিমধ্যে বাসে বসে পুন:পরীক্ষার কথা শুনে বাস থেকে নেমে ক্যাম্পাসে ফিরে আসে। আবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা এবং চট্টগ্রামের ভর্তিচ্ছুকরা বাসের টিকিট ফেরত দেওয়া নিয়ে স্থানীয় পরিবহন কাউন্টার মালিকদের সাথে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাদের সাথে মারধরের ঘটনা ঘটে। এতে প্রায় ২০ জন ভর্তিচ্ছুক আহত হয়।

চট্টগ্রামের ভর্তিচ্ছুক শরিফুল,ইশতিয়াক এবং হেলাল ক্ষোভ প্রকাশ করে বলেন,হঠাৎ পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত হয়। কিন্তু আমরা ৭৫০ টাকা দিয়ে শ্যামলী পরিবহনের টিকিট দুই দিন আগেই কেটে রাখি। টিকিটি ফেরত দিতে গেলে কাউন্টারের মালিক শাহিন খুব বাজে ব্যবহার করে। এদিকে প্রশ্নপত্রে অসঙ্গতির কারণ খতিয়ে দেখার জন্য এখনো কোনো তদন্ত কমিটি গঠন করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম অব্দুল লতিফ বলেন,এখনো কোনো তদন্ত কমিটি করা হয়নি। আগামী শুক্রবারের পরীক্ষাটা শেষ হলে আমরা বিষয়টি যাচাই বাচাইয়ের জন্য যা করনীয় তাই করব। এখন একটাই চাওয়া ভর্তি পরীক্ষার বাকি অংশ সুষ্ঠভাবে গ্রহণ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন