News71.com
 Bangladesh
 08 Dec 17, 10:57 AM
 175           
 0
 08 Dec 17, 10:57 AM

এক ডজন দলকে ইসির শোকজ।।সময় পেল আওয়ামী লীগ ও জাতীয় পার্টি

এক ডজন দলকে ইসির শোকজ।।সময় পেল আওয়ামী লীগ ও জাতীয় পার্টি

নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশন (ইসি) নিবন্ধিত বেশ কয়েকটি রাজনৈতিক দলকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে। গত বুধবার দেওয়া এ নোটিশে দলগুলোর বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ,১৯৭২ অনুযায়ি রাজনৈতিক দলগুলো নিবন্ধন শর্ত প্রতিপালন করছে কী না- ইসির এমন চিঠির জবাব না দেয়ায় দলগুলোকে শোকজ করা হয়েছে বলে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের জানান। তবে ইসির ওই চিঠির জবাব দিতে সময় চেয়ে চিঠি দেয়ায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ কয়েকটি দলকে এক মাস সময় দেয়া হয়েছে। হেলালুদ্দীন আহমদ বলেন,যেসব রাজনৈতিক দল ইসির চিঠির জবাব দেয়নি এবং জবাব দিতে সময়ও চায়নি সেসব দলকে শোকজ করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন,যেসব দল ইসির চিঠির জবাব দেয়নি তাদের নিবন্ধন বাতিলের এখতিয়ার কমিশনের রয়েছে। এ বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে।

গত ১ নভেম্বর রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো ইসির যুগ্ম সচিব (চলতি দায়িত্ব) মো. আবুল কাসেম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, নিবন্ধিত রাজনৈতিক দলগুলো গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৯০বি এর শর্তাদি প্রতি পালনের শর্তে নিবন্ধন প্রদান করা হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০এইচ(ডি) অনুযায়ী ৯০(বি) এর দফা(১)(বি) এর কোন বিধান লংঘিত হলে উক্ত রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল বলে গণ্য হবে। উক্ত বিধানের প্রতি পালন নিশ্চিতকল্পে রাজনৈতিক দল নিবন্ধন নীতিমালা, ২০০৮ এরবিধি ৯ অনুসারে নিবন্ধনের শর্তাদি প্রতি পালন সম্পর্কে কমিশনের অবহিত থাকা প্রয়োজন। চিঠিতে কমিশন সচিবের কাছে আগামী ১৫ দিনের মধ্যে নিবন্ধনের শর্তাদি প্রতি পালনের বিষয়টি অবহিত করতে বলা হয়।

ইসির নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক/মহাসচিব বরাবর এ চিঠি পাঠানো হয়। নিবন্ধিত দলগুলোর মধ্যে ২০টির মত দল ওই চিঠির জবাব দেয়। আওয়ামী লীগ, ও জাতীয় পার্টিসহ কয়েকটি দল চিঠির জবাব দিতে সময় চেয়ে চিঠি দিয়েছিল। বিএনপি এ বিষয়ে আংশিক তথ্য দেয়। এর বাইরে অন্তত এক ডজন দল ইসির চিঠির জবাব দেয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা। ওই সব দলের মধ্যে রয়েছে- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি,বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি,তরিকত ফেডারেশন, গণতন্ত্রী পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, গণফোরাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। চিঠির জবাব না দেয়ায় এসব দলের বিরুদ্ধে কেনো আইনগত ব্যবস্থা নেয়া হবে না- তা আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কমিশনকে জানাতে বলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন