
মিথুন কুমার মণ্ডলঃ হঠাৎ বৃষ্টি। কোথাও টিপটিপ, কোথাও মসুল ধারে। অগ্রহায়ণের শীতে এমন বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে গ্রাম এলাকা ও নগরবাসীসহ সারা দেশের মানুষ। বৃষ্টির এ ভোগান্তির প্রভাব পড়তে পারে সবজির বাজারেও। কেননা টানা এ বৃষ্টিতে দেশের সবজি খেতের ব্যাপক ক্ষতির আশংকা করা হচ্ছে। অসময়ের বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতি হবে আলু ও পেঁয়াজের ক্ষেত। এ ছাড়া কপি, করলা,বরবটি, বেগুন, মরিচসহ বিভিন্ন সবজি খেত ক্ষতিগ্রস্ত হতে পারে। এর ফলে এমনিতেই চড়া দামের সবজির বাজারে আরেক দফা দাম বাড়ার আশঙ্কা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সবজি উৎপাদনের জন্য বিখ্যাত দেশের দক্ষিণ অঞ্চলের জেলা খুলনার ডুমুরিয়া, বটিয়াঘাটা থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে প্রচুর সবজি সরবরাহ হয়।বটিয়াঘাটা অঞ্চলের কৃষক নিরাপদো মণ্ডলের কাছে জানতে চাইলে তিনি নিউজ৭১ ডটকমকে জানান , বৃষ্টিতে কম-বেশি সবজি খেতের ক্ষতি হয়েছে।এইটা তো অসময়ের বৃষ্টি। কোথাও পানি জমে গেলে সেটা সেচে ফেলে দিতে হচ্ছে।মাটি নরম ও কাদা হয়ে গেছে। এতে করে আলু, ফুলকপি, লাল শাকের মতো সবজি খেত নষ্টের ঝুঁকি রয়েছে।তিনি আরও জানান শীতকালীন সবজি অতিরিক্ত পানি শোষণ করতে পারে না। বৃষ্টির পানিতে সবজিতে মড়ক ধরে যায়। খেত নষ্ট হয়ে যায়।এ ছাড়া বেগুনসহ অন্যান্য সবজিতেও পোকার আক্রমণ বেড়ে যেতে পারে বলে তিনি ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান গত অক্টোবরের শুরুতে বৃষ্টিতে সবজি খেতের ব্যাপক ক্ষতি হয়।এতে সবজির দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়।বাজারে এখনো সেই বাড়তি দামের রেশ রয়েছে। গত মাস থেকে সীমিত পরিমাণে আগাম সবজি বাজারে আসা শুরু হয়েছে।শীতকালীন সবজি ইতোমধ্যেই বাজারে আসায় কিছুটা দাম কমতির দিকেই ছিল সবজির বাজার।কিন্তু এই দুই দিনের টানা বৃষ্টি যেন ভাড়া ভাতে ছাই ঢেলে দিয়েছে অসময়ের বৃষ্টি। ডুমুরিয়া অঞ্চলের তেলিখালি গ্রামের একজন সবজি বিক্রেতা শোভন রায় জানান , গত ২ মাস আগে বৃষ্টির কারণে সবজি খেত নষ্ট হয়েছিল। বাজারে সবজি সংকটের কারণে দাম বেড়েছিল। দাম কিছুটা সহনীয় পর্যায়ে আসার পর আবার বৃষ্টি হচ্ছে। এতে আবারও সবজি খেত নষ্ট হয়ে যাওয়ার আশংকা রয়েছে, এবং সবজির দাম বাড়ার আশংকা রয়েছে।