
নিউজ ডেস্কঃ আজ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতিকে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকার এবং নিজেদের রাষ্ট্রে স্বাধীনভাবে বসবাসের আকাঙ্ক্ষার ওপর একটি চপেটাঘাত।আজ রবিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিবৃতিতে খালেদা জিয়া এ কথা বলেন। গত ৫ ডিসেম্বর ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের দূতাবাস তেলআবিব থেকে সরিয়ে জেরুজালেমে নেওয়ার কথাও বলেন।
ট্রাম্পের স্বীকৃতির পর ৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্পের এই স্বীকৃতিকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন। এর বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান।জানা গেছে, বিএনপি চেয়ারপারসন বিবৃতিতে এ ঘটনায় তাঁর গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেছেন, এ সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে নতুন করে অশান্তির বাতাবরণ তৈরি করেছে। এ সিদ্ধান্ত ওই অঞ্চলের শান্তি ও স্থিতি এবং একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধানের জন্য দীর্ঘদিনের প্রয়াসকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করবে।
তিনি আরো বলেন, ‘ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকার এবং নিজেদের রাষ্ট্রে স্বাধীনভাবে বসবাসের আকাঙ্ক্ষার ওপর এ সিদ্ধান্ত একটি চপেটাঘাত। তাছাড়া শুধু ফিলিস্তিনি নয়, বিশ্বের শান্তিকামী প্রতিটি মানুষকেই এ সিদ্ধান্ত গভীরভাবে মর্মাহত করেছে। ফিলিস্তিনের নিপীড়িত জনগণের বিপক্ষে এই একতরফা স্বীকৃতির আমি তীব্র প্রতিবাদ করছি।’