News71.com
 Bangladesh
 10 Dec 17, 09:54 AM
 135           
 0
 10 Dec 17, 09:54 AM

জেরুজালেম ইস্যুতে ওআইসি সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।।

জেরুজালেম ইস্যুতে ওআইসি সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।।


নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী ১৩ ডিসেম্বর তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে জেরুজালেম সংক্রান্ত ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) বিশেষ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। এ উপলক্ষে তিনি আগামীকাল সোমবার ঢাকা ত্যাগ করবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন,ওআইসির বর্তমান সভাপতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান রাষ্ট্রপতি আবদুল হামিদকে শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন এবং রাষ্ট্রপতি তাৎক্ষণিকভাবে তা গ্রহণ করেন।জানা গেছে,তুর্কি এয়ারলাইন্সের একটি বিমান আগামী মঙ্গলবার সকালে রাষ্ট্রপতিকে নিয়ে ইস্তাম্বুলে পৌঁছবে এবং শীর্ষ সম্মেলন শেষে পরের দিন রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে। এ প্রক্রিয়ার সঙ্গে জড়িত একজন কর্মকর্তা জানান,রাষ্ট্রপতি আগামী বুধবার সকাল ১১টায় ইস্তাম্বুল কংগ্রেস অ্যান্ড এক্সিবিশন সেন্টারে ওআইসির এ বিশেষ সম্মেলনে যোগ দেবেন। সেখানে তিনি এ বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন। এর আগে আজ রবিবার সকালে নিজ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ওআইসির এ বিশেষ শীর্ষ সম্মেলনের প্রেক্ষাপট তুলে ধরেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন,গত ৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জেরুজালেমকে (আল-কুদস আশ-শরীফ) একতরফাভাবে ইসরাইলের কথিত রাজধানী হিসেবে স্বীকৃতি দেয় এবং তেল আবিব থেকে যুক্তরাষ্ট্রের দূতাবাস সেখানে স্থানান্তরের প্রক্রিয়া শুরু করে। এতে আল-কুদস আস-শরীফ তথা ফিলিস্তিন-ইসরাইল শান্তি প্রক্রিয়া এক অপ্রত্যাশিত হুমকির মধ্যে পড়েছে। আরব-ইসরাইল দ্বন্দ্বে নতুন উত্তেজনার সৃষ্টি হয়েছে। উল্লেখ্য,জেরুজালেম ১৯৬৭ সাল থেকে দখল করে রেখেছে ইসরাইলি বাহিনী। তিনি বলেন,উদ্ভূত পরিস্থিতিতে করণীয় নির্ধারণে ওআইসির বর্তমান সভাপতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জরুরি বিশেষ শীর্ষ সম্মেলন আহ্বান করেছেন। সেখানে বাংলাদেশের রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হয়েছে। মন্ত্রী জানান,সম্মেলনের আগে আগামী ১২ ডিসেম্বর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সভা এবং ১৩ ডিসেম্বর বিকেলে ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের সভা হবে। মাহমুদ আলী আরো জানান,আন্তর্জাতিক এবং দ্বিপক্ষীয় উভয় প্রেক্ষাপট বিবেচনায় সম্মেলনে রাষ্ট্রপতির অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন