
নিউজ ডেস্কঃ প্রায় সাড়ে ৪ লাখ কানাডিয়ান ডলার আত্মসাতের অভিযোগে কানাডায় বাংলাদেশ হাইকমিশনের সাবেক কাউন্সিলর (স্থানীয়) মো. মকসুদ খানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার কমিশনের উপ-পরিচালক মাহাবুবুল আলম বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন। এর আগে গত ১১ ডিসেম্বর কমিশন প্রাথমিক অনুসন্ধান শেষে তার বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দেয়।
মামলার এজাহারে বলা হয়েছে,আসামি মকসুদ খান কানাডায় বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলরের দায়িত্বে থাকাকালে মেশিন রিডেবল পাসপোর্ট বাবদ সরকারি খাতে ৪ লাখ ১২ হাজার ৩৮২ কানাডিয়ান ডলার জমা না দিয়ে আত্মসাৎ করেন। এছাড়া একই ব্যাংক ড্রাফট একাধিকবার ব্যবহার করে ১৫০০ কানাডিয়ান ডলার ও জনৈক খালিদ হাসানের পাসপোর্ট ফি বাবদ তার বিরুদ্ধে আসামি ৩২০ কানাডিয়ান ডলার আত্মসাৎ করেন। তিনি ক্ষমতার অপব্যবহার করে তার ওপর অর্পিত আর্থিক দায়িত্ব লঙ্ঘন করে মোট ৪ লাখ ১৪ হাজার ২০২ কানাডিয়ান ডলার আত্মসাৎ করেন বলে দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে।