
নিউজ ডেস্কঃ এবার শীতের শুরুতেই দাম কমে গেল। দিনে অন্তত একটি ডিম পাতে না উঠলে যাদের চলে না,তাদের জন্য সুখবর। বাজারে এক ডজন ডিম মিলছে মাত্র ৭০ টাকায়। আর একটি কিনলে দাম পড়ছে মাত্র ৬ টাকা। সাম্প্রতিক সময়ে বাজারে ডিমের এত কম দাম আর ছিল না। ফার্মের লাল ডিম ক্রেতাদের বছরজুড়ে প্রতি ডজন ৮৫ থেকে ১০৫ টাকার মধ্যে কিনতে হয়। বিক্রেতারা বলছেন,বাজারে এখন শাকসবজি ও মাছ-মাংসের দাম কমেছে। এতে ডিমের কদর কমে গেছে।
অথচ মাসখানেক আগেও বাজারে ডিমের দাম চড়া ছিল। তখন এক ডজন ফার্মের ডিমের দাম ছিল ৯০ টাকা। কারওয়ান বাজারে এখন ১০০টি ডিম কিনলে ৫৬০ টাকায় দিচ্ছেন বিক্রেতারা। এক ডজন কিনলে বড় বাজারে ৭০ টাকায় মিলছে। খুচরা দোকানে প্রতি ডজন ডিম ৭৫-৮০ টাকা চাওয়া হচ্ছে। তবে মুরগীর ডিমের দাম কমলেও হাঁসের ডিমের দাম এখনো বেশি। প্রতি হালি মিলছে ৪৫ টাকায়।
রাজধানীর তেজগাঁওয়ে গতকাল বুধবার প্রতি ১০০টি ডিম ৫১০ টাকায় বিক্রি হয়েছে। আড়ত মালিক সমিতির সুত্রে জানা যায়, কয়েক দিন আগে এ দর ৪৮০ টাকায় নেমেছিল। সে হিসেবে এখন দাম কিছুটা বাড়তি। শীত কালে সাধারণত গরমের চেয়ে ডিম দু-এক দিন বেশি ভালো থাকে। তারপরও বাজার পড়তির দিকে কেন? এমন প্রশ্নে ব্যবসায়ীদের থেকে জানা যায়, মানুষ ডিম খাচ্ছে কম। বেচাকেনা কমে গেছে। তার ওপর এখন সরবরাহও বেশি।