News71.com
 Bangladesh
 14 Dec 17, 07:38 AM
 409           
 0
 14 Dec 17, 07:38 AM

আমদানি বিকল্প শিল্প স্থাপনে অগ্রাধিকার দিচ্ছে সরকার।।শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

আমদানি বিকল্প শিল্প স্থাপনে অগ্রাধিকার দিচ্ছে সরকার।।শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

নিউজ ডেস্কঃ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বর্তমান সরকার দেশীয় উপকরণ ব্যবহার করে আমদানিবিকল্প শিল্প স্থাপনে অগ্রাধিকার দিচ্ছে। ২০১৬ সালে প্রণীত জাতীয় শিল্পনীতিতে হারবাল ওষুধ ও পণ্য উৎপাদনকারী শিল্পকে অগ্রাধিকার শিল্পখাতের আওতাভুক্ত করা হয়েছে। এর ফলে দেশে ইতোমধ্যে ভেষজ ওষুধ ও পণ্য উৎপাদনের জন্য ৪ শতাধিক শিল্প-কারখানা গড়ে ওঠেছে। আজ বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে স্যাভর ইন্টারন্যাশনাল লিমিটেড আয়োজিত নিরাপদ স্বাস্থ্য বিষয়ক তিন দিনব্যাপী হেলথ এন্ড ফিটনেস-২০১৭ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা জানান।

শিল্পমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী ভেষজ পণ্য এবং ওষুধের চাহিদা দিন দিন বাড়ছে। বর্তমানে বিশ্ববাজারে ৭১ দশমিক ১৯ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের হারবাল পণ্যের চাহিদা রয়েছে। বিশ্ব অর্থনৈতিক মন্দা সত্বেও এ চাহিদায় কোনো ধরনের ভাটা পড়েনি। বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী ২০৫০ সাল নাগাদ এর পরিমাণ দাঁড়াবে ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার। কৃষিভিত্তিক শিল্প স্থাপনে বর্তমান সরকার পৃষ্ঠপোষকতা ও প্রণোদনার নীতি গ্রহণ করেছে। এ শিল্পখাতে কর রেয়াতসহ বিভিন্ন ধরনের প্রণোদনা অব্যাহত থাকবে।

শিল্পমন্ত্রী আরও বলেন, সুস্থ ও সতেজ থাকার জন্য নিয়মিত শরীর চর্চার অভ্যাস তৈরি করা জরুরি। আর বাইসাইকেল চালানো একটি বিজ্ঞানসম্মত শরীর চর্চা হিসেবে বিবেচিত। বাংলাদেশে দ্রুত বাইসাইকেল শিল্পের বিকাশ ঘটছে। ইউরোপের দেশগুলোতে বাইসাইকেল রপ্তানিতে বাংলাদেশ বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে। বাংলাদেশে তৈরি সাইকেল ইউরোপের যুক্তরাজ্য, জার্মানি, ইটালি, ডেনমার্ক, বেলজিয়ামসহ বিশ্বের ৩০টি দেশে রপ্তানি হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন