
নিউজ ডেস্কঃ জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল আগামী ৩০ ডিসেম্বর প্রকাশ করা হবে।পাঠ্যপুস্তক উৎসবে সামনে রেখে ফলাফল ঘোষণার জন্য এ দিন নির্ধারণ করা হয়েছে।আজ সোমবার ডেমরা মাতুয়াল আনন্দ প্রিন্টিং প্রেস পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের এ সময় ঘোষণা করেন। তিনি বলেন, আগামী ৩০ ডিসেম্বর সারাদেশে একযোগে জেএসসি-জেডিসি পরীক্ষার প্রকাশ করা হবে।এর আগে চলতি বছরের ৩০ ডিসেম্বর জেএসসি-জেডিসি পরীক্ষার ফল প্রকাশ হবে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এমন তথ্য জানানো হয়েছিল। তবে আজ মন্ত্রী নিজেই এ তথ্য নিশ্চিত করলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক উদ্ভোধন করবেন। পহেলা জানুয়ারিতে সারাদেশে পাঠ্যপুস্তক উৎসব পালিত হবে। সেদিন সকল শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দেয়া হবে।উল্লেখ্য, এবার অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় মোট ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।গত ১ নভেম্বরে পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১৮ নভেম্বর।