
নিউজ ডেস্কঃ ভারতের কলকাতায় সফররত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের সরকারের আমলে দু দেশের সুসম্পর্ক রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। ভারতের বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের বাংলাদেশের মাটি থেকে উচ্ছেদ করেছেন শেখ হাসিনা। নিরাপত্তা নিয়ে দু দেশ যেভাবে বোঝাপড়া করে এগোচ্ছে, তাতে ভারত ও বাংলাদেশ- উভয়পক্ষই লাভবান হচ্ছে।বিজয় দিবস উপলক্ষে কলকাতায় বাংলাদেশ দূতাবাসের পাঁচদিনের বিজয় উৎসব এর সমাপ্তি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় গেছেন ওবায়দুল কাদের।
কাদের বলেন, শেখ হাসিনা সরকার জঙ্গিবাদের বিরুদ্ধে আপসহীন লড়াই করছে। জঙ্গিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছেন প্রধানমন্ত্রী। আর বিএনপি-জামায়াতের আমলে বাংলাদেশ কার্যত জঙ্গিদের অাস্তানায় পরিণত হয়েছিল।আগের সরকার বাংলাদেশের যে জঙ্গি-প্রবণ ভাবমূর্তি তৈরি করেছিল, তা থেকে বেরিয়ে সেই দেশ এখন উন্নয়নের সড়কে এগিয়ে চলেছে। পদ্মা সেতু হচ্ছে। ঢাকায় মেট্রোরেল তৈরি হচ্ছে। রূপপুরে পরমাণু বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশের উন্নয়নকে মডেল হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। পশ্চিমবঙ্গ থেকে এখন হাজার হাজার মানুষ ভিসা নিয়ে বাংলাদেশে যাচ্ছেন। আগামী নির্বাচনে জয়ের জন্য কলকাতার মানুষের শুভেচ্ছা ও আশীর্বাদ চেয়ে ওবায়দুল কাদের বলেন, একমাত্র এই সরকারের আমলেই বাংলাদেশে এই শান্তির বাতাবরণ বজায় থাকতে পারে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের মানুষের শুভেচ্ছা পেতেই পারেন।