
নিউজ ডেস্কঃ ইংরেজি বছরের শেষদিন ৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইটে রাত ৮টার মধ্যে বহিরাগতদের গুলশান এলাকা ছাড়ার নির্দেশনা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।আজ মঙ্গলবার বড়দিন ও ইংরেজি নববর্ষ উপলক্ষে নিরাপত্তা ও ট্রাফিক-সংক্রান্ত সমন্বয় সভায় এ নির্দেশনা দেন তিনি।ইংরেজি নববর্ষ উপলক্ষে উন্মুক্ত স্থানে বা বাড়ির ছাদে কোনো সমাবেশ, গান-বাজনা, আতশবাজি ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ।৩১ ডিসেম্বর রাত ৮টার মধ্যে গুলশান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থানরত বাহিরের লোক এলাকা ছেড়ে চলে যাবে।আর স্থানীয়রা রাত ৮টার মধ্যে নিজ নিজ এলাকায় প্রবেশ করবেন।গুলশান এলাকায় প্রবেশে শুধুমাত্র কাকলী ও আমতলী ক্রসিং দিয়ে যেতে হবে। রাত ৮টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকার ব্যতীত কোনো গাড়ি প্রবেশ করতে দেয়া হবে না। পায়ে হেঁটে প্রবেশের ক্ষেত্রে আইডি কার্ড প্রদর্শন করতে হবে।
কমিশনার আরও বলেন, যদি কেউ চার দেয়ালের মধ্যে নববর্ষ উদযাপন করতে চায় তাতে বাধা নেই। তবে অনুষ্ঠানের আগেই পুলিশকে জানাতে হবে। রাস্তায় কেউ অপ্রীতিকর কাজ করলে তাকে আইনের আওতায় আনা হবে। ৩১ ডিসেম্বর সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত রাজধানীর সব বার বন্ধ থাকবে। কেউ এ নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।