
নিউজ ডেস্কঃ দিবসটি উপলক্ষে আগামীকাল বুধবার রাজধানীর পিলখানা বিজিবি’র সদরদপ্তর এবং সকল রিজিয়ন, বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজ,সকল সেক্টর ও ব্যাটালিয়ন পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন আগামীকাল সকাল ৮টায় বাহিনীর রেজিমেন্টাল পতাকা উত্তোলন এবং সকাল সোয়া ৮টায় ‘সীমান্ত গৌরব’ এ মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা করবেন।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। আগামীকাল সকাল ১০টায় বিজিবি দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করার কথা রয়েছে। এ সময় প্রধানমন্ত্রী বিজিবিতে বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য কর্মকর্তা ও সদস্যদের পদক প্রদান করবেন। দুপুর ১২ টা ২৫ মিনিটে বীর উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে প্রধানমন্ত্রী বিজিবি সদস্যদের দরবার গ্রহণ করবেন এবং বক্তব্য রাখবেন। বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়,বিজিবি দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে মন্ত্রীপরিষদের সদস্য, উপদেষ্টাবৃন্দ, উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং কূটনৈতিক কোরের সদস্যবৃন্দ উপস্থিত থাকবেন।