
নিউজ ডেস্কঃ নিখোঁজের ২ মাস ১০ দিন পর সাংবাদিক উৎপল দাসকে পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে নারায়ণগঞ্জের ভুলতায় কে বা কারা তাঁকে রেখে গেছে। মুঠোফোনে উৎপল দাস বলেন, ভালো আছেন,সুস্থ আছেন। পরে কথা বলবেন। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান রাত একটায় বলেন,ভুলতার আধুরিয়া এলাকার শাহজালাল ফিলিং স্টেশনের সামনে থেকে উৎপলকে উদ্ধার করেছে পুলিশ। তাঁকে ভুলতা পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। আত্মীয়স্বজনকে খবর দেওয়া হয়েছে। রাত সাড়ে ১২টার দিকে উৎপলের বাবা চিত্তরঞ্জন দাস বলেন,উৎপল তাঁকে ফোন করে বলেছেন তিনি ভুলতার গাউছিয়ায় আছেন। কাল (আজ বুধবার) যেন সেখানে তাঁকে আনতে যান।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের যুগ্ম মহাসচিব পুলক ঘটক বলেন,উৎপলের সঙ্গে তাঁরও কথা হয়েছে। উৎপল তাঁকে বলেছেন,তিনি নিরাপদ ও ভালো আছেন। আজ বুধবার সকালে বাড়ি ফিরবেন। উল্লেখ্য গত ১০ অক্টোবর নিখোঁজ হন অনলাইন নিউজ পোর্টাল পূর্বপশ্চিম বিডি ডট নিউজের প্রতিবেদক উৎপল দাস। এ ঘটনায় ২২ অক্টোবর ওই সংবাদমাধ্যমের পক্ষ থেকে মতিঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরদিন উৎপলের বাবা একই থানায় আরেকটি জিডি করেন। চিত্তরঞ্জন দাস জিডিতে উল্লেখ করেন,মতিঝিলের স্টক এক্সচেঞ্জ ভবনে উৎপলের কর্মস্থল। ১০ অক্টোবর দুপুরে তাঁর মা বিমলা রানী দাসকে ফোন করে উৎপল বলেছিলেন,তিনি অফিসেই আছেন। এরপর তাঁর আর কোনো খবর পাওয়া যায়নি। মুঠোফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।