
নিউজ ডেস্কঃ ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর বিমান ওঠানামা স্বাভাবিক হয়েছে। আজ বুধবার সকালে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমকে বহনকারী বিশেষ বিমানটি কক্সবাজারের উদ্দেশে ঢাকা ছাড়ে। এরপর নিয়মিত ফ্লাইট উড্ডয়ন এবং অবতরণের অনুমতি দেয় শাহজালাল কর্তৃপক্ষ। ফলে সকাল সাড়ে ১০টার পর থেকে বিমান ওঠানামা স্বাভাবিক হতে থাকে দেশের এই প্রধান বিমানবন্দরে।
এর আগে ঘন কুয়াশার কারণে গতকাল মঙ্গলবার রাত ১২টার পর থেকে একাধিক ফ্লাইট উড্ডয়ন এবং অবতরণে ব্যর্থ হয়। ওই সময়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন আন্তর্জাতিক রুটের ৮টি ফ্লাইট আটকে পড়ে। পরে আটকে থাকা ৮টি আন্তর্জাতিক ফ্লাইটসহ সব ক'টি অভ্যান্তরীণ ফ্লাইট বুধবার সকাল সাড়ে ১০টার পর থেকে ঢাকা ত্যাগ করেছে বলেও জানা গেছে।
আটকে পড়া এসব ফ্লাইটের যাত্রীদেরকে বিভিন্ন এয়ারলাইন্সের পক্ষ থেকে হোটেলে রাখা হয়েছিল। তবে কয়েকটি এয়ারলাইন্সের যাত্রীরা বিমানবন্দরেই অপেক্ষায় ছিলেন। বিমান ওঠানামা স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডিউটি সিকিউরিটি অফিসার মো. তারিক আহমেদ বলেন,তুরস্কের প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি ঢাকা ছাড়ার পর সকাল সাড়ে ১০টা থেকে ফের বিমান ওঠানামা স্বাভাবিক হয়েছে।