
নিউজ ডেস্কঃ জাতীয় পতাকাবাহী রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০১৬-১৭ অর্থবছরে মোট ১৫১ কোটি টাকা মুনাফা অর্জন করেছে,যা ২০১৫-১৬ অর্থ বছরের চেয়ে ২৪ কোটি টাকা বেশি। ২০১৬-১৭ অর্থ বছরে বিমানের নীট মুনাফা হয়েছে ৪৭ কোটি টাকা। ২০১৫-১৬ অর্থ বছরে যা ছিল ২৩৫ কোটি টাকা। বিমান ২০১৪-১৫ অর্থ বছরে নীট মুনাফা অর্জন করে ৩২৪ কোটি টাকা। অর্থাৎ বিগত তিন অর্থবছরে বিমানের নীট মুনাফা অর্জিত হয়েছে ৬০৬ কোটি টাকা। গতকাল মঙ্গলবার বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার মার্শাল (অবঃ) মোহাম্মদ ইনামুল বারীর সভাপতিত্বে বিমানের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত কোম্পানির ১০ম বার্ষিক সাধারণ সভায় ২০১৬-১৭ অর্থ বছরের আর্থিক বিবরণী অনুমোদিত হয়।
বিশ্ব বাজারের তুলনায় বাংলাদেশে জেট ফুয়েলের তুলনামূলক অধিক মূল্য,কার্গো পরিবহনে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা এবং এশীয় এভিয়েশন মার্কেটে এয়ারলাইন্সগুলোর মধ্যে ভাড়া নিয়ে তীব্র প্রতিযোগিতা সত্ত্বেও বিমানের এই মুনাফা অর্জন নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য সফলতা। মুনাফা অর্জনের পাশাপাশি সদ্য বিদায়ী অর্থ বছরে বিমান রাষ্ট্রীয় কোষাগারে ৩৮১ কোটি টাকা রাজস্ব কর প্রদান করেছে যা পূর্ববর্তী ২০১৫-১৬ অর্থ বছরের চাইতে ৭৭ কোটি টাকা বেশি।