News71.com
 Bangladesh
 21 Dec 17, 10:57 AM
 180           
 0
 21 Dec 17, 10:57 AM

শর্ত পূরণে ব্যর্থ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা।।শিক্ষামন্ত্রী

শর্ত পূরণে ব্যর্থ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা।।শিক্ষামন্ত্রী

 

নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন,উপযুক্ত পরিবেশ ও নির্ধারিত শর্ত পূরণে যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্যর্থ হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ছাড়া কোন পথ খোলা নেই। তিনি আজ রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন,এছাড়া যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় নিজস্ব ক্যাম্পাসে এখনো যায়নি এবং একাধিক ক্যাম্পাসে পাঠদান পরিচালনা করছে তাদের বিরুদ্ধে অব্যাহত চাপ রেখেও সঠিক ধারায় আনা কঠিন হয়ে পড়েছে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের প্রতিনিধি হিসেবে শিক্ষামন্ত্রী সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

শিক্ষকদের ব্যবসা ও মুনাফার চিন্তা বাদ দিয়ে জনকল্যাণ,সেবার মনোভাব ও শিক্ষা ক্ষেত্রে অবদান রাখার দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসতে হবে এ কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন,এজন্য শিক্ষার পরিবেশ নিশ্চিত করা ও পরিচালনা ব্যবস্থার মান উন্নয়ন গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতামূলক বিশ্বে উন্নত মানের উচ্চ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ব্যাপারে বিশ্ববিদ্যালয়গুলোকে আরো সচেতন হতে হবে বলেও তিনি জানান। শিক্ষামন্ত্রী আরো বলেন,সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য নতুন প্রজন্মের মেধা ও প্রজ্ঞাকে কাজে লাগাতে হবে। তাদেরকে দায়িত্বশীল দেশপ্রেমিক নাগরিক হিসেবে বিজ্ঞান-প্রযুক্তিতে দক্ষ,সৎ এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন