
নিউজ ডেস্কঃ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একে এম শহীদুল হক বলেছেন, সন্ত্রাস ও জঙ্গি দমনে পুলিশ সফল হয়েছে।নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের সক্ষমতা রয়েছে এবং পুলিশ এখন যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায়ও প্রস্তুত।আজ শনিবার সকালে রাজারবাগ পুলিশ লাইনে এসআই শিরু মিয়া মিলনায়তনে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৩৫তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা বলেন তিনি।পুলিশ দেশ ও জাতির কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্প্রতি জঙ্গি ও সন্ত্রাস দমনে বাংলাদেশ পুলিশ যথেষ্ট সফলতা দেখাতে সক্ষম হয়েছে।
আইজিপি বলেন, পুলিশে কর্মরত এবং প্রবীণ কর্মকর্তাদের সম্মিলনে আমরা একটি আধুনিক ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে চাই। এসময় আইজিপি এ কাজে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন।অবসরপ্রাপ্ত প্রবীণ কর্মকর্তারা আমাদের সম্পদ। তাদের পরামর্শ এবং স্বতঃস্ফূর্ত সহযোগিতা আমাদের পাথেয়। পুলিশ কর্মকর্তারা অবসরে গিয়েও সামাজিক এবং নাগরিক দায়বোধ থেকে নিজেদের জনসেবায় নিয়োজিত রাখছেন তা সত্যিই প্রশংসনীয়।