
নিউজ ডেস্কঃ প্রায় চার মাস নিখোঁজ থাকার পর গ্রেফতার বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খানের মিছিলে বোমা হামলা মামলায় আজ শনিবার বিকেলে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তার এ রিমান্ড মঞ্জুর করেন। দুপুরে আমিনুর রহমানকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার পরিদর্শক জিহাদ হোসেন ১০ দিনের রিমান্ড আবেদন করেন। অপরদিকে,আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ আবদুর রউফ জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজ করে আমিনুর রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতকাল শুক্রবার রাতে বাড্ডার শাহজাদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান ডিবি উত্তরের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শাহজাহান সাজ। তিনি বলেন,গ্রেফতার এড়ানোর জন্য প্রায় ৪ মাস পলাতক থাকার পর শুক্রবার রাতে তাকে শাহজাদপুর এলাকা থেকে আটক করা হয়। তাকে গুলশান থানায় ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।