
নিউজ ডেস্কঃ দুই সপ্তাহ না যেতেই ফের বাড়ল সোনার দাম। আগামীকাল সোমবার থেকে নতুন দর কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এ বিষয়ে আজ রবিবার বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,আগামীকাল সোমবার থেকে সারা দেশে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট অর্থাৎ সবচেয়ে ভালো মানের সোনা ৪৯ হাজার ৩৩৯ টাকায় বিক্রি হবে। বর্তমানে এই মানের সোনা ৪৭ হাজার ৮২২ টাকায় মিলছিল।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়,আগামীকাল সোমবার থেকে ২১ ক্যারেট মানের সোনা ৪৭ হাজার ১২২ টাকায় বিক্রি হবে। আজ রবিবার পর্যন্ত এই মানের সোনার দর ছিল ৪৫ হাজার ৭২৩ টাকা। অন্যদিকে ১৮ ক্যারেট মানের সোনা বিক্রি হবে ৪১ হাজার ৮৭৪ টাকায়। আজ রবিবার পর্যন্ত এই সোনা বিক্রি হয়েছে ৪০ হাজার ৪৭৪ টাকায়। এছাড়া সনাতন পদ্ধতির সোনার ভরি দাঁড়াবে ২৫ হাজার ৬৬১ টাকা,যা এখন ২৪ হাজার ৭৮৬ টাকায় মিলছে।