
নিউজ ডেস্কঃ বর্তমান সরকারে উন্নয়নের আরেকটি সুবিধা পাচ্ছে পাবনাবাসী। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দীর্ঘদিনের স্বপ্ন সত্যি হচ্ছে পাবনাবাসীর। ২০১৮ সালের জানুয়ারিতেই নব নির্মিত রেল লাইন দিয়ে পাবনা-রাজশাহী রেল চলবে। বৈরী আবহাওয়ার কারণে পাবনা রেল পথ নির্মাণে সময় ও অর্থ বেশি লাগলেও এখন শুধুই উদ্বোধনের পালা। রেল ভ্রমণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন পাবনাবাসী।
পাবনা রেল পথ নির্মাণ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মুহাম্মদ সুবক্তগীন জানান, পাবনা রেল পথ নির্মাণ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ শেষে হয়েছে, পরীক্ষামূলক ট্রেন চালানো হয়েছে। এখন চলছে রেললাইনের সিগন্যাল বাতি লাগানো, রং করা হচ্ছে শেডে, লাইনে বসানো হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। সব মিলে শেষ সময়ের কাজ চলছে পুরোদমে। তিনি আরো জানান, বৈরী আবহাওয়ার কারণে একটু সময় বেশি লেগেছে, আশা করছি ২০১৮ সালের জানুয়ারিতেই পাবনা থেকে যাত্রী নিয়ে রেল ছেড়ে যাবে। প্রথম পর্যায়ে একটি শাটল রেল পাবনা-ঈশ্বরদী -রাজশাহী রুটে চলাচল করবে।