
নিউজ ডেস্কঃ নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান বলেছেন,বিএনপি পাকিস্তানীদের সাথে সম্পর্ক রেখে রাজনীতি করে। খালেদা জিয়া ক্ষমতায় আসলে এ দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেবে। দেশের সকল অর্জন ধুলিসাৎ করে পাকিস্তানি ভাবধারায় সরকার চালাবে। স্বাধীনতা বিরোধীদের সাথে হাত মিলিয়ে এ দেশকে জঙ্গী রাষ্ট্রে পরিণত করবে। বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে এ দেশের মানুষকে কচুকাটা করবে। আজ সোমবার দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়ন পরিষদের উদ্যোগে দুঃস্থদের মাঝে সেলাই মেশিন ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
দেশ পাকিস্তানীদের কায়দায় চলছে,বেগম খালেদা জিয়ার এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে মন্ত্রী আরো বলেন,পাকিস্তানীদের সাথে সম্পর্ক রেখে আওয়ামী লীগ কখনই রাজনীতি করে না। পাকিস্তানীদের সাথে সম্পর্ক রেখে রাজনীতি করে বিএনপি-জামায়াত। বিএনপি জামায়াত ক্ষমতায় এসে বাংলা ভাইকে সৃষ্টি করেছিল। এই বাংলা ভাইকে দিয়ে সকল জঙ্গি কর্মকান্ড পরিচালনা করেছিল। আর এই জঙ্গিকে প্রতিহত করে, জঙ্গিবাদ নির্মুল করার উদ্দেশ্য নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করে। পাকিস্তানের মত বাংলাদেশে জঙ্গি হামলা নেই। তাই নিজের চেহারা আয়নায় দেখে আওয়ামী লীগের বিষয়ে সঠিক মন্তব্য করার আহবানও জানান নৌমন্ত্রী শাজাহান খান।
এসময় মন্ত্রী, বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমদের মন্তব্যের জবাব দিতে গিয়ে বলেন, মিথ্যা ও খুন দিয়ে বিএনপি রাজনীতি শুরু করেছে। মিথ্যায় ওনাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে ডক্টরেট ডিগ্রী দেয়া যায়। তিনি বলেন,পদ্মাসেতু নিয়ে খালেদা জিয়া ষড়যন্ত্র করেছিল,কিন্তু শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা,তিনি কিছুতেই দমে যান না,তিনি বলেছিলেন বিদেশীরা টাকা দিক আর না-ই দিক এদেশের টাকা দিয়ে পদ্মাসেতু হবে। শেখ হাসিনা যা বলেন তা করেন। পদ্মাসেতু আজ দৃম্যমান। এসময় নৌমন্ত্রী উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনার জন্য সকলকে একত্রিত হয়ে কাজ করার আহবান জানান।