News71.com
 Bangladesh
 26 Dec 17, 05:33 AM
 258           
 0
 26 Dec 17, 05:33 AM

জানুয়ারি থেকেই জেলা পর্যায়ে নির্বাচনী সফরের পরিকল্পনা করছে আওয়ামী লীগ।।

জানুয়ারি থেকেই জেলা পর্যায়ে নির্বাচনী সফরের পরিকল্পনা করছে আওয়ামী লীগ।।

নিউজ ডেস্কঃ আগামী ১২ জানুয়ারি বর্তমান সরকারের চার বছর পূর্তি হচ্ছে। এদিন থেকেই জেলা পর্যায়ে নির্বাচনী সফরে বের হওয়ার পরিকল্পনা নিয়েছে সরকারি দল আওয়ামী লীগ। নির্বাচনী প্রস্তুতির পাশাপাশি এই সফরের অন্যতম প্রধান লক্ষ্য হলো বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় পরবর্তী পরিস্থিতি মোকাবিলা। আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের সূত্রগুলো বলছে,জিয়া পরিবারের দুর্নীতির তথ্য সারা দেশে প্রচার করার জন্য দলের শীর্ষ পর্যায় থেকে নির্দেশনা রয়েছে। আর তা করা হবে এসব রাজনৈতিক সফরে। এ ছাড়া আগামী জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত নানা কর্মসূচি নিয়ে মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন দল।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টে দুর্নীতির অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে দুটি মামলার বিচারকাজ শেষ পর্যায়ে। এর একটিতে তারেক রহমানও আসামি। আওয়ামী লীগের নেতারা মনে করেন,এই দুই মামলায় খালেদা জিয়া ও তাঁর বড় ছেলে তারেক রহমানের সাজা হতে পারে। তাই বিএনপির দুই শীর্ষ নেতার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ ব্যাপকভাবে প্রচারের লক্ষ্য নিয়ে মাঠে নামছে ক্ষমতাসীন দল। এ সময় খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর পাচার করা অর্থ সিঙ্গাপুর থেকে ফেরত আনার বিষয়টিও প্রচারে আনা হবে। এ ছাড়া দুই মেয়াদে গত নয় বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নমূলক কাজ এবং ২০১৪-১৫ সালে বিএনপি হরতাল-অবরোধের সময় জ্বালাও-পোড়াওয়ের ঘটনা প্রচার করা হবে বলে জানা গেছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ছয়জন নেতার সঙ্গে দলের আগামী দিনের এই রাজনৈতিক কর্মসূচি ও কৌশলের বিষয়ে কথা হয়। তাঁরা বলেন,দুর্নীতির মামলার রায়ে খালেদা জিয়া ও তারেক রহমানের সাজা হলে বিএনপি এটাকে রাজনৈতিক রায় বলে প্রচার চালাতে পারে। এ জন্য রায়ের আগে থেকে আওয়ামী লীগ জেলা সফরে এ বিষয়ে প্রচার শুরু করবে। জেলা সফর শেষ হলে এই সফর উপজেলা পর্যায়েও বিস্তৃত হবে বলে দলীয় নেতারা জানিয়েছেন।

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত দলের সভাপতিমণ্ডলীর এক বৈঠকে জেলায় জেলায় সাংগঠনিক সফরের সিদ্ধান্ত হয়। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সফরের জন্য সাংগঠনিক দল গঠনের দায়িত্ব দেওয়া হয়। এরই মধ্যে ১৫টি দল গঠন করা হয়েছে। প্রতিটি দলের নেতৃত্বে থাকবেন সভাপতিমণ্ডলীর সদস্য বা জ্যেষ্ঠ নেতারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন