
নিউজ ডেস্কঃ আগামী ২০২০ সালে আন্তর্জাতিক বাণিজ্যমেলা শেরেবাংলানগর থেকে পূর্বাচলে সরিয়ে নেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।আজ রবিবার বিকেলে রাজধানীর শেরেবাংলানগরে মেলার উদ্বোধন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান।তিনি বলেন, মেলার পরিসর আরো বাড়ানোর জন্যই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ২০২০ সাল নাগাদ এর সুফল পাওয়া যাবে। আশা করছি এর ফলে ভাল কিছুই হবে। বাণিজ্যমন্ত্রী আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ মার্চ ভাষণকে ইউনেসকো বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি দেওয়ায় একটি প্যাভিলিয়ন নান্দনিক করে সাজানো হয়েছে। যাতে নতুন প্রজন্ম, দেশি-বিদেশি সকলে দেশ ও বঙ্গবন্ধুর সত্যিকার ইতিহাস জানতে পারে।এদিকে আগামীকাল নতুন বছরের প্রথম দিন থেকেই শেরেবাংলানগরে শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যমেলা। ক্রেতা দর্শনার্থীরা ২০ টাকা টিকিটের বিনিময়ে প্রবেশ করতে পারবেন এই মেলায়। অপরদিকে প্রথমবারের মত এবারের মেলায় খাবারের দোকান গুলোতে মূল্য নির্ধারণ করে দেয়া হয়েছে। কোন দোকানী চাইলেও ক্রেতাদের থেকে নির্ধারিত মূল্যের বেশি দাম নিতে পারবেন না।