
নিউজ ডেস্কঃ ঢাকা-খুলনা রেলরুটের ৭৬৪ নং চিত্রা এক্সপ্রেস ট্রেন সাত ঘণ্টা ৩০ মিনিট দেরিতে চলাচল করছে। গাজীপুরে ট্রেন ও কাভার্ডভ্যান দুর্ঘটনার কারণে এ ধরনের শিডিউল বিপর্যয় ঘটেছে। এদিকে লালমনিহাট,দিনাজপুর ও রাজশাহীর সঙ্গে ঢাকার যাত্রীবাহী চারটি আন্তঃনগর ট্রেন নির্ধারিত সময়ের পাঁচ ঘণ্টার বেশি দেরিতে চলাচল করছে। আজ বুধবার সকাল সাতটা ৩০ মিনিটে ঈশ্বরদী রেলওয়ে জংশন থেকে খুলনা অভিমূখে যাত্রা করে ৭৬৪ নং চিত্রা এক্সপ্রেস ট্রেন। পাকশি বিভাগীয় পরিবহন কর্মকর্তা শওকত জামিল মোহসী জানান,ভ্রমণপ্রিয় ট্রেন যাত্রীরা পৌষের কনকনে শীতে বেশ দুর্ভোগে পড়েছেন। জয়দেবপুর থেকে রাত আটটায় ছাড়ার নির্ধারিত সময় ছিল ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ৭৬৪ নং চিত্রা এক্সপ্রেসের। পরে জয়দেবপুর থেকে ট্রেনটি রাত তিনটায় ছেড়ে গেছে। দুর্ঘটনার কারণে ট্রেনের যাত্রীদের কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানান পাকশি বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার। সাপ্তাহিক বন্ধের দিন ছাড়া নির্ধারিত সময়ে ট্রেনগুলোর ফিরে আসা সম্ভব হবে না বলেও জানান তিনি।