
নিউজ ডেস্কঃ পাবলিক পরীক্ষায় পরীক্ষাকেন্দ্রে কেউ স্মার্ট ফোন ব্যবহার করতে পারবে না। শুধুমাত্র কেন্দ্র সচিব একটি সাধারণ ফোন ব্যবহার করতে পারবেন। আজ বুধবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত পাবলিক পরীক্ষা অনুষ্ঠানে বিভিন্ন ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সুপারিশ প্রণয়নের জন্য গঠিত কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র বহনের ক্ষেত্রে নিরাপত্তা ট্যাপযুক্ত বিশেষ খামে পরিবহন,বহু সেট প্রশ্ন প্রস্তুত রাখা,নির্ধারিত সময়ের আগে প্রশ্ন না খোলা,পিন কোড ব্যবহার,অনলাইনে বা ইউএসবি ডিভাইসের মাধ্যমে পরীক্ষা কেন্দ্রে প্রশ্ন পাঠানো এবং পরীক্ষা শুরুর আগে থেকে কিছু সময়ের জন্য কেন্দ্র এলাকায় ইন্টারনেট বন্ধ রাখার ব্যাপারেও আলোচনা হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইনের সভাপতিত্বে সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমদ,ড. মোল্লা জালাল উদ্দিন,জাবেদ আহমেদ ও মোহাম্মদ জয়নুল বারী,স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব কাজী নাজির হোসেন,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এস এম ওয়াহিদুজ্জামান,ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. মাহাবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।