
নিউজ ডেস্কঃ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন,ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে পরবর্তীতে সকল আন্দোলনে ভরসার কেন্দ্রস্থল ছিল ছাত্র রাজনীতি। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠি জেলা শহরে শিশুপার্ক উম্মুক্ত মঞ্চে জেলা ছাত্রলীগ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আমির হোসেন আমু বলেন,অস্ত্রের ব্যবহার,চাঁদাবাজি ও খুনা-খুনির কারণে জিয়াউর রহমানের আমল থেকে সাধারণ মানুষ ছাত্র রাজনীতির ওপর আস্থা হারিয়ে,মুখ ফিরিয়ে নেওয়া শুরু করে। কারণ জিয়াউর রহমান সামরিক শাসনের মাধ্যমে ক্ষমতায় এসে দীর্ঘদিন টিকে থাকার জন্য এ দেশের মেধাবী ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়ে ছাত্র রাজনীতি কলুষিত করেছিলেন। বাংলাদেশ ছাত্রলীগকে ছাত্র রাজনীতির হারানো গৌরব ও ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য কাজ করতে হবে উল্লেখ করে আওয়ামী লীগের এই বর্ষীয়ান নেতা বলেন, ছাত্রলীগের প্রতিটি নেতা-কর্মীকে পড়াশোনা করে মেধাবী হতে হবে। শিল্পমন্ত্রী বলেন, ছাত্র রাজনীতি এবং ছাত্রলীগ করেছিলেন বলেই শেখ মুজিব থেকে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উপাধি পেয়েছিলেন। ১৯৫২ সালে বাংলা ভাষা প্রতিষ্ঠার আন্দোলনে শেখ মুজিবুর রহমানই প্রথম ছাত্রলীগের কিছু নেতা-কর্মী নিয়ে জিন্নাহর বক্তব্যের প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন। তিনি আরও বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রকল্প সফল করতে হলে ছাত্রলীগকে ডিজিটাল প্রযুক্তি বিষয়ে পড়াশোনা করে সাধারণ মানুষের পাশে দাড়াতে হবে। সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়িয়ে ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ সম্পর্কে মানুষের যে ভীতি রয়েছে তা দূর করতে হবে। জেলা ছাত্রলীগের সভাপতি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাড. খান সাইফুল্লাহ পনির, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্দুল মান্নান রসুল, পৌর মেয়র আলহাজ্ব মো. লিয়াকত আলী তালুকদার।