News71.com
 Bangladesh
 05 Jan 18, 09:06 AM
 117           
 0
 05 Jan 18, 09:06 AM

পরোলোকে গেলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ধীরাজ কুমার নাথ।।

পরোলোকে গেলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ধীরাজ কুমার নাথ।।

নিউজ ডেস্কঃ তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ধীরাজ কুমার নাথ আর নেই। আজ শুক্রবার বিকেল ৫টা ৫০ মিনিটে ল্যাবএইড হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। এর আগে গতকাল বৃহস্পতিবার গুরুতর শ্বাসকষ্ট হওয়ায় তাকে ল্যাবএইডের আইসিইউতে ভর্তি করা হয়। আজ শুক্রবার বিকেলের দিকে অবস্থা খারাপের দিকে যাওয়ায় ওনাকে লাইফ সাপোর্টে পাঠানো হয়। ২০০৬ সালের অক্টোবর মাসে রাষ্ট্রপতি ইয়াজ উদ্দিন আহমেদের নেতৃত্বাধীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হন ধীরাজ কুমার নাথ। এর আগে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব থাকা অবস্থায় ২০০৩ সালে দীর্ঘ ৩৪ বছর সরকারি চাকুরি থেকে অবসরে যান তিনি। ধীরাজ কুমার নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার রসুলপুর ইউনিয়নের রফিকপুর গ্রামে ১৯৪৫ সালের ৯ জানুয়ারি জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৬ সালে বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর ১৯৬৬ সালে নোয়াখালী সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক হিসেবে চাকরিতে যোগ দেন তিনি। সেখান থেকে ১৯৬৯ সালে পুর্ব পাকিস্তান সিভিল সার্ভিসে যোগদান করেন এবং পাবনা ও পটুয়াখালি জেলায় ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। স্বাধীনতার পর ১৯৭২ সালে বৈদেশিক বাণিজ্য বিভাগে সেকশন অফিসার হিসেবে নিয়োজিত হন। ১৯৭৮ সালে গাজীপুর মহকুমার প্রথম মহকুমা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮০-৮১ সালে কুমিল্লা জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন। ১৯৮১ সালে সিনিয়র পলিসি পুলের সদস্য হিসেবে উপসচিব পদে পদোন্নতি লাভ করেন এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা বিভাগের উপসচিব (সমন্বয়) হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৮ -১৯৯৯ সাল পর্যন্ত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে ব্যাপক প্রশংসা অর্জন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন