
নিউজ ডেস্কঃ বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ ভারতগামী পাসপোর্ট যাত্রীদের ওপর নতুন করে প্যাসেঞ্জার টার্মিনাল ফি বৃদ্ধি করায় পাসপোর্ট যাত্রীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। বাড়তি টাকা গুণতে গিয়ে বন্দর কর্মচারীদের সঙ্গে যাত্রীদের বাকবিতণ্ডা হচ্ছে প্রতিনিয়ত। যাত্রীরা বলছেন,সেবা না দিয়ে যাত্রীদের ওপর জুলুম করছে বন্দর কর্তৃপক্ষ। অন্যদিকে বন্দর কর্তৃপক্ষ বলছে,যাত্রী সেবা বৃদ্ধির জন্য প্রক্রিয়াধীন রয়েছে। বেনাপোল দিয়ে দ্রুত ও সহজে কলকাতার সাথে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় চিকিৎসা ও ব্যবসা বাণিজ্যের জন্য যাত্রীদের যাতায়াত সবচেয়ে বেশি। গত কয়েক বছর ধরে এই পথে যাত্রীদের যাতায়াত বেড়েছে ৪ গুণ। বর্তমানে প্রতিদিন ৮ থেকে ১০ হাজার দেশি-বিদেশি যাত্রী যাতায়াত করছেন ভারতে। যাত্রীদের বেনাপোল চেকপোস্ট থেকে এক কিলোমিটার দূরে বেনাপোল বাজারে গিয়ে বাসের টিকিট ও হোটেল রেস্তরার প্রয়োজনীয় কাজ সারতে হতো।
যাত্রীদের হয়রানি রোধ ও সেবার মান বাড়াতে বেনাপোল চেকপোস্টে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবন তৈরি করে বন্দর কর্তৃপক্ষ। টার্মিনালের ভেতরেই ৩৮ টাকা ৭৬ পয়সা ট্যাক্স পরিশোধ করে ইমিগ্রেশন, কাস্টমস, ব্যাংক, খাবারের ক্যান্টিনসহ প্রয়োজনীয় ব্যবস্থা থাকার কথা। ২০১৭ সালের ২ জুন মাসে প্যাসেঞ্জার টার্মিনাল ভবন উদ্বোধন করেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। নতুন বছরের প্রথম দিন থেকেই ট্যাক্স বাড়িয়ে ৪০ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করে বন্দর কর্তৃপক্ষ। টাকা খুচরো না থাকার কথা বলে যাত্রীদের কাছ থেকে ৪২ টাকা হারে ট্যাক্স আদায় করা হচ্ছে। যাত্রীদের ব্যাগ বহনের জন্য ট্রলি থাকার নিয়ম থাকলেও তা এখনো সংযুক্ত হয়নি। পর্যাপ্ত সংখ্যক টয়লেটের ব্যবস্থা নেই। সেবার মান না বাড়িয়ে যাত্রীদের কাছ থেকে বাড়তি ট্যাক্স নেয়া হচ্ছে।
ভারতে ভ্রমণকারী আবু তাহের জানান,একবার সরকারকে ভ্রমণ কর বাবদ ৫১০ টাকা দিতে হয় সোনালী ব্যাংকে। আবার বেনাপোল স্থলবন্দরে টার্মিনাল ফি বাবদ আরো ৪২ টাকা ট্যাক্স নিয়েছে। কোনো সুবিধা নেই টার্মিনালে। বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম জানান,যাত্রীদের কাঙ্খিত সেবা নিশ্চিত করতে বন্দর কর্তৃপক্ষ সব সময় আন্তরিক। আর কিছুদিনের মধ্যে যাত্রীদের সেবার মান বৃদ্ধি করা হবে। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের বিষয়টি জানা নেই।