News71.com
 Bangladesh
 13 Jan 18, 05:30 AM
 148           
 0
 13 Jan 18, 05:30 AM

আসন্ন সংসদ নির্বাচনে সম্ভাব্য দলীয় প্রার্থীদের সবুজ সংকেত দেওয়া শুরু করেছেন শেখ হাসিনা।।

আসন্ন সংসদ নির্বাচনে সম্ভাব্য দলীয় প্রার্থীদের সবুজ সংকেত দেওয়া শুরু করেছেন শেখ হাসিনা।।

নিউজ ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের যেসব নেতা দলের মনোনয়ন পেতে পারেন তাঁদের অনেককে আগাম ‘সবুজ সংকেত’ দিচ্ছেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপির অংশগ্রহণে জোর লড়াই হওয়ার সম্ভাবনা থেকেই আগাম প্রস্তুতির অংশ হিসেবে এমন উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। কমপক্ষে ১০০ আসনের সম্ভাব্য প্রার্থীদের সবুজ সংকেত দেওয়া হয়েছে বলে আওয়ামী লীগের উচ্চপর্যায়ের সূত্রে জানা গেছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা আসবে নির্বাচনের আগে প্রয়োজনীয় দলীয় আনুষ্ঠানিকতার পর। জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠকে চূড়ান্ত করে চিঠি দেওয়া হবে প্রার্থীদের।

দলের সম্ভাব্য প্রার্থীদের সবুজ সংকেত দেওয়া হচ্ছে কি না জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন,নিশ্চয়ই। মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন এঁদের দিয়ে ভালো ফল পাবেন তাই তাঁদের ইঙ্গিত বা গ্রিন সিগন্যাল দিচ্ছেন। যাঁর সম্ভাবনা বেশি আছে,অনেক ক্ষেত্রে তাঁকে ইঙ্গিত দিয়েছেন। সংখ্যাটা কত জানতে চাইলে তিনি বলেন,সংখ্যাটা বলতে পারব না। তবে ভালো পারসেন্টেজ। সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা,রাজশাহী ও সিলেটের সম্ভাব্য প্রার্থীরা যেভাবে ইঙ্গিত পেয়েছেন সেভাবেই সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদেরও ইঙ্গিত দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ বলেন,এটি আন-অফিশিয়ালি করা হচ্ছে। যাঁদের আসনে ভালো ফল ছিল,যাঁদের আসন নিয়ে আমরা আশাবাদী,তাঁদের একটা সিগন্যাল দেওয়া হয়েছে। এই সিগন্যাল নেত্রী দিচ্ছেন। বেশ কিছু আসনে নেতাদের নির্বাচনের কাজে ব্যস্ত হওয়ার জন্য বলা হয়েছে। সবুজ সংকেত দেওয়া হয়েছে এমন আসনের সংখ্যা কত জানতে চাইলে তিনি বলেন,আনুমানিক ১০০ হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দলের সভাপতি শেখ হাসিনার ‘গ্রিন সিগন্যাল’ পেয়ে মাঠে নেমে পড়েছেন বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম আতিক। আসন্ন রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্যও দলের সাবেক দুই মেয়রকে সবুজ সংকেত দিয়েছেন শেখ হাসিনা। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখেও অনুরূপ কৌশল অনুসরণ করছে আওয়ামী লীগ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন