
মিথুন কুমার মণ্ডলঃ পৌষ-সংক্রান্তি হলো সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের পিঠা-পায়েসের উৎসব।প্রতি বছর বাংলার পৌষ মাসের শেষের দিন ঐ উৎসব পালন করা হয়।এটি উত্তরায়ণ সংক্রান্তি নামেও পরিচিত।এ দিনটিকে সামনে রেখে রাজধানীসহ সারা দেশের গ্রামাঞ্চলে চলে পিঠা-পুলির আয়োজন। আগে এ উৎসবটি সনাতন ধর্মাবলম্বীদের মাঝে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে পুরান ঢাকায় সাড়ম্বরে পালিত হয়। উৎসবে অংশ নেন সব ধর্মের সব বয়সী মানুষ।এর আমেজ মাঘ মাসের প্রথম সপ্তাহ জুড়ে চলতে থাকে।এ উপলক্ষে বাড়ি বাড়ি নানা রকম পিঠা-পুলি তৈরির ধুম লেগে যায় একদিন আগে থেকেই।এই দিন বাঙালিরা বিভিন্ন ধরণের অনুষ্ঠান আয়োজন করে খাকে। এ সময় অসাম্প্রদায়িক বাঙালি উত্তরের হিমেল হাওয়াকে উপেক্ষা করে পিঠা-পুলির সঙ্গে ঐতিহ্যের বাউল গান,জারিগানের সুরে মেতে ওঠেন। এ মেলায় ভাপা, চিতই, পানতোয়া, দুধচিতইসহ অনেক রকমের পিঠা খেয়ে থাকেন অনেকেই।
হাড় কাঁপানো এই শীতে তারা নিজেকে চাঙ্গা রাখতে পিঠার সঙ্গে গরম চায়ে চুমুক দিতেও ভুল করেন না। ঘুড়ি উৎসব পৌষ-সংক্রান্তিতে একটি বিশেষ আকর্ষণ।বাংলাদেশের প্রাচীন ঐতিহ্যবাহী এই উৎসব মোগল আমল থেকেই পালিত হয়ে আসছে। মূলত পৌষ-সংক্রান্তি জ্যোতিষশাস্ত্রের একটি ক্ষণ। মকরসংক্রান্তি শব্দটি দিয়ে নিজ কক্ষপথ থেকে সূর্যের মকর রাশিতে প্রবেশকে বোঝানো হয়ে থাকে।বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এ দিনটিকে ঘিরে নানা উৎসব পালিত হয়ে থাকে। আমাদের দেশে পৌষ-সংক্রান্তি নামে পরিচিত ।