
নিউজ ডেস্কঃ বাংলাদেশের পরম বন্ধুখ্যাত ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জি চার-দিনের ব্যক্তিগত এক সফরে আজ রবিবার বিকালে ঢাকায় আসছেন। মুখার্জিকে বহনকারী জেট এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট বিকাল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে ভারতীয় হাইকমিশনারের এক কর্মকর্তা গতকাল শনিবার গনমাধ্যমকে জানিয়েছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। সাবেক রাষ্ট্রপতি বিমান বন্দর থেকেই ঢাকায় আয়োজিত এক সাহিত্য সম্মেলনে যোগদান করবেন । এবং পরে সাবেক রাষ্ট্রপতি শ্রী প্রনব মুখার্জি বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন।
এছাড়াও ভারতের সাবেক এই প্রেসিডেন্ট আগামী মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে যোগদান করবেন। সেখানে তাকে সম্মানসূচক ডি. লিট ডিগ্রি প্রদান করা হবে। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সম্মান জানাতে নগরীর ধানমন্ডি-৩২ এ বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর পরিদর্শন করবেন। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার শহীদ সূর্য সেনের বাড়ি পরিদর্শন করবেন বলে আশা করা হচ্ছে। ঢাকায় অবস্থানকালে অর্থমন্ত্রী এ এম এ মুহিতের আমন্ত্রণে এক নৈশভোজে অংশগ্রহণ করবেন শ্রী প্রণব মুখার্জি। তিনি তার চার-দিনের ব্যক্তিগত সফর শেষে ১৮ জানুয়ারি ঢাকা ত্যাগ করবেন।