
নিউজ ডেস্কঃ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা আগামী ২ এপ্রিল শুরু হবে। চলবে ৪ মে পর্যন্ত। ১ এপ্রিল সরকারি ছুটি হওয়ায় একদিন পিছিয়ে পরীক্ষার রুটিন তৈরি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।এইচএসসি ও সমমান পরীক্ষা আয়োজনে চূড়ান্ত প্রস্তুতি নেয়া হচ্ছে। ইতোমধ্যে আন্তঃশিক্ষা বোর্ড বা ঢাকা শিক্ষা বোর্ড থেকে পরীক্ষার রুটিন তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।প্রস্তাবিত রুটিন অনুযায়ী আগামী ২ এপ্রিল বাংলা প্রথম পত্র (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৩ এপ্রিল পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা চলবে। এরপর থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। চলবে ৪ মে পর্যন্ত। এ বছর এইচএস ও সমমান পরীক্ষায় প্রায় ১২ লাখ পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা রয়েছে।
এ বছর সারা দেশে মোট ৫৮টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্নফাঁস ও নানা অভিযোগে অভিযুক্ত হওয়ায় গত বছরের চাইতে এবার মোট ছয়টি কেন্দ্র কমানো হয়েছে। এ ছয়টি কেন্দ্রই ঢাকায় অবস্থিত। প্রতি বছর ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়ে থাকে। কিন্তু এবার সেদিন স্টার সানডে হওয়ায় পরীক্ষার রুটিন একদিন পিছিয়ে তৈরি করা হয়েছে।