News71.com
 Bangladesh
 16 Jan 18, 01:31 AM
 187           
 0
 16 Jan 18, 01:31 AM

বাংলাদেশ বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় স্থান ।। প্রণব মুখার্জী

বাংলাদেশ বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় স্থান ।। প্রণব মুখার্জী

 

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের চমকপ্রদ আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করে ভারতের সাবেক রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জী বলেছেন, বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় স্থান।আজ সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারী বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।প্রেস সচিব বলেন, বৈঠকের শুরুতেই দুই নেতা নিজেদের মধ্যে কুশল বিনিময় করেন।প্রণব মুখার্জী তাঁর অবসর সময় কাটানোর বৃত্তান্ত তুলে ধরে বলেন, বই পড়েই এখন তাঁর সময় কাটছে।তিনি বলেন, ‘আমি জীবনের দীর্ঘ সময় রাজনীতি করেছি। ভারতের সংসদে এবং রাষ্ট্রপতির পদের মত সাংবিধানিক পদে ছিলাম। অবসর গ্রহণের পরে আমার অফুরন্ত সময় পড়ার জন্য।

 

২০১৩ সালে ভারতের রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশে নিজের প্রথম বিদেশ সফরের কথাও স্মরণ করেন প্রণব মুখার্জী।প্রধানমন্ত্রী বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের উল্লেখযোগ্য দিক তুলে ধরে বলেন, তাঁর সরকারের বিভিন্ন বাস্তবধর্মী পদক্ষেপের ফলে দারিদ্র্যের হার ২২ শতাংশে নেমে এসেছে। গত বছরের বন্যার ফলে দেশের অর্থনীতি খানিক ক্ষতির সম্মুখীন হয়েছে।রোহিঙ্গা ইস্যু সম্পর্কে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ মানবিক কারণে প্রায় ১০ লাখ বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিককে আশ্রয় প্রদান করেছে।এ সময় উপস্থিত ছিলেন প্রণব মুখার্জীর মেয়ে শর্মিষ্ঠা মুখার্জী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব সুরাইয়া বেগম। পরে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আয়োজিত মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন