
নিউজ ডেস্কঃ রোহিঙ্গা প্রত্যাবাসনে সর্বোচ্চ দুই বছরের শর্ত রেখে ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট নামের মাঠপর্যায়ের চুক্তি সই করেছে বাংলাদেশ ও মিয়ানমার। আজ মঙ্গলবার সকালে চুক্তিটি চূড়ান্ত হয়েছে। জাতিসংঘ,ইউরোপীয় ইউনিয়ন,জাপানসহ মানবাধিকার সংবেদনশীল সংস্থা ও রাষ্ট্রগুলোর উদ্বেগ-আশঙ্কার মধ্যেই গতকাল সোমবার থেকে টানা ১৩ ঘণ্টার বৈঠকের পর আজ সকালে আবার বৈঠক করে চুক্তিটি চূড়ান্ত হয়। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক এবং মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থো নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে সই করেন। আজ ১৬ জানুয়ারিও আলোচনা হবে বলে মিয়ানমার সরকার আগেই জানিয়েছে। আসন্ন ২২ জানুয়ারি বাস্তুচ্যুত ৪৫০ হিন্দু শরণার্থীকে গ্রহণের মধ্যদিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসনের আনুষ্ঠানিকতা শুরু করতে চায় তারা। তার পর থেকেই নিয়মিত ভাবেই ঘরে ফিরবে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা নাগরিকরা ।
পররাষ্ট্রসচিব জানান, চুড়ান্ত চুক্তিতে প্রত্যাবাসনের সংখ্যাসহ অন্য যেসকল আনুষঙ্গিক বিষয় আছে,সেগুলোর সবই উল্লেখ আছে। বিশেষ করে জাতিসংঘের শরণার্থী সংস্থার ভূমিকার বিষয়টি এখানে যুক্ত করা হয়েছে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রত্যাবাসনের পর রাখাইনে রোহিঙ্গাদের জীবন-জীবিকার বিষয় নিশ্চিত করার বিষয়টি অন্তর্ভুক্ত আছে। উল্লেখ্য,২০১৬ সালের অক্টোবর থেকে ২০১৭ সালের ২৫ আগস্ট পর্যন্ত ৮৭ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। আর ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত সাড়ে ছয় লাখ রোহিঙ্গা পালিয়ে এসেছে। এছাড়া, আরও প্রায় তিন লাখ রোহিঙ্গা ২০১৬ সালের অক্টোবরের আগে থেকে বাংলাদেশে অবস্থান করছিল।
বাংলাদেশ শুরু থেকেই মায়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা নাগরিকদের তাদের নিজ ভূমিতে ফেরাতে তৎপর ছিল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগীতা কামনা করছিল। শুরু থেকে চীন মায়ানমারকে সর্বাত্মক সহযোগীতা করলেও বাংলাদেশের ঘনিষ্ঠ প্রতিবেশী ভারতসহ তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র, মালয়েশিয়াসহ ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের দাবিকে জেরালো সমর্থন জানায় । আর ভারত কৌশলে শুরু করে তার কুটনৈতিক তৎপরতা । তাদের তৎপরতার ফলেই পিছু হটতে হয় চীনকে। ফলে আন্তর্জাতিক চাপে পড়ে যায় মিয়ানমার সরকার। এই পরিস্থিতিতে নেপিদো সফরে আসেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী রেক্স টিলারসন। তিনি প্রবল চাপ সৃষ্টি করেন মিয়ানমারের সামরিক কতৃপক্ষকে।
যদিও বাংলাদেশের সাথে মায়ানমারের চুক্তির পর আবাসন সংকটের অজুহাত দেখিয়ে মায়ানমার সরকার রোহিঙ্গাদের ঘরে ফেরানোর বিষয়ে সনয় ক্ষেপণের চেষ্টা করছিল । সেখানেও ভারত ত্রাতার ভুমিকায় অবতীর্ন হয় । বিষয়টি আঁচ করতে পেরে গত ডিসেম্বরের শেষভাগে দেশটির পররাষ্ট্র সচীব জয়শঙ্কর মায়ানমার গিয়ে তাদের “প্রি ফেব্রিকেট হাউজ” দেয়ার ব্যাপারে চুক্তিতে সই করেন। ফলে মিয়ানমার কতৃপক্ষের রোহিঙ্গাদের ঘরে ফেরাতে আর কোন বাঁধাই থাকে না। তাই অনেকটা বাধ্য হয়েই সাপের ছুচো গেলার মত তারা রোহিঙ্গা নাগরিকদের নিজ ভুমিতে ফেরাতে বাংলাদেশের সাথে চুড়ান্ত চুক্তি করতে বাধ্য হয়। তার ধারাবাহিকতায় সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২২ জানুয়ারি থেকেই ঘরে ফিরবে রোহিঙ্গা নাগরিকরা ।