
নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমাদের পুলিশ সেই আগের পুলিশ নেই। এই বাহিনী এখন অনেক শক্তিশালী। তবে আরো শক্তিশালী করা হচ্ছে। ঢেলে সাজানো হচ্ছে কোস্ট গার্ড এবং র্যাবকেও।আজ মঙ্গলবার বিকেলে ৪টায় বরিশাল র্যাব-৮ কার্যালয়ে সুন্দরবনের জলদস্যু বড় ভাই, ভাই ভাই ও সুমন বাহিনীর ৩৮ সদস্যের আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন। মন্ত্রী বলেছেন, বাংলাদেশে দস্যুতা, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ চলবে না। এদের শিকড় উপড়ে ফেলা হবে। আমাদের নিরাপত্তা বাহিনী অত্যন্ত শক্তিশালী-এখন আর কেউ দস্যুতা করে পার পাবে না। তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে, পুনর্বাসন করছে। তাই বিপদগামী এ পথ পরিহার করে সকলকে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান মন্ত্রী।