
নিউজ ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন বার্নিকাট বলেছেন,যুক্তরাষ্ট্র আগামীতে বাংলাদেশকে কৃষি,আইটি ও নারী উন্নয়নে আরও সহায়তা দেবে। উন্নত বিশ্বের পাশাপাশি আঞ্চলিক বাণিজ্যে বাংলাদেশের আরও বেশি প্রবৃদ্ধি অর্জন করা দরকার বলেও তিনি অভিমত ব্যক্ত করেন। গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম চেম্বারে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত এক সভায় তিনি এ কথা বলেন। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চেম্বারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম।
মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশ সম্পর্কিত প্রকাশিত মন্তব্য তুলে ধরতে গিয়ে বলেন,২০১২ সালের পর থেকে বাংলাদেশে আর্থ-সামাজিক খাতে যে অগ্রগতি হয়েছে তা অন্য কোন দেশে হয়নি। যুক্তরাষ্ট্র ২০১৬-২০১৭ সালে ৩ দশমিক ৩ বিলিয়ন ডলার বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশে সর্বোচ্চ বিনিয়োগকারী দেশে পরিণত হয়েছে এবং একক হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে সর্বোচ্চ আমদানিকারক দেশ। সভাপতির বক্তব্যে চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন,২০১৬ সালে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ৬ দশমিক ৮ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। চেম্বার সিনিয়র সহ-সভাপতি মো. নুরুন নেওয়াজ সেলিম সমপ্রতি বাংলাদেশ বিস্তীর্ণ সমুদ্রসীমা অর্জন করায় ব্লু ইকনোমির সদ্ব্যবহারে টেকনোলজি ও ভারী ইকুইপমেন্টসহ মার্কিন কোম্পানির যৌথ বিনিয়োগের ব্যাপারেও দৃষ্টি আকর্ষণ করেন।