
নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে সাধারণ কোটায় ভর্তিকৃত ৫৭ শিক্ষার্থীর একাডেমিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। আদেশে আপিল বিভাগ ওই শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চালানোর পাশাপাশি মেধা তালিকায় থাকা বঞ্চিত শিক্ষার্থীকে সাত দিনের মধ্যে ভর্তি করানোর নির্দেশ দিয়েছে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেয়।
আদালতে আধুনিক মেডিকেল কলেজের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী। রিটের পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন আইনজীবী রোজিনা মাহমুদ। গত ১৭ ডিসেম্বর ‘উত্তরা মেডিকেলে ভর্তিতে মেধাতালিকাকে উপেক্ষা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি যুক্ত করে চলতি শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি থেকে বঞ্চিত হওয়া তারিকুলের বাবা নজরুল ইসলাম গত ২ জানুয়ারি আধুনিক মেডিকেল কলেজের ভর্তি পদ্ধতি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটটি দায়ের করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ৯ জানুয়ারি রাজধানীর উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে সাধারণ কোটায় ভর্তিকৃত ৫৭ শিক্ষার্থীর একাডেমিক কার্যক্রমে ৩০ দিনের নিষেধাজ্ঞা দেয় হাইকোর্ট।