
নিউজ ডেস্কঃ সরকারপ্রধান থেকে শুরু করে দেশের সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইয়াবা প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করলেও ছোট্ট আকারের এই বড়ি অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন,উদ্ধার হওয়া ইয়াবা বড়ির সংখ্যা বছরে প্রায় চার কোটিতে এসে ঠেকেছে। জাতিসংঘের মাদক নিয়ন্ত্রণ সংস্থার (ইউএনওডিসি) মতে,উদ্ধার হওয়া মাদকের এই সংখ্যা বিক্রি হওয়া বড়ির মাত্র ১০ শতাংশ। সেই হিসাবে বছরে শুধু ইয়াবা বড়িই বিক্রি হচ্ছে ৪০ কোটির মতো,যার বাজারমূল্য প্রায় ছয় হাজার কোটি টাকা (প্রতিটি দেড় শ টাকা দাম হিসেবে)। এই টাকার অর্ধেকই চলে যাচ্ছে ইয়াবার উৎসভূমি মিয়ানমারে।
হিসাব করে দেখা গেছে,ইয়াবা বড়ির পেছনে মাদকসেবীদের বছরে যে খরচ,তা বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) বার্ষিক বাজেটের প্রায় দ্বিগুণ (২০১৭-১৮ অর্থবছরে বিজিবির বাজেট ৩ হাজার ৩০০ কোটি টাকা)। আর পুলিশের বাজেটের প্রায় অর্ধেক। আর্থিক,সামাজিক, মানবিক—নানাভাবে ইয়াবার আগ্রাসন দেশজুড়ে ছড়ালেও তা নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ খুব সামান্য। ইয়াবা বন্ধে মাদকদ্রব্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযান ছাড়া আর কোনো তৎপরতা নেই। অন্য বাহিনীগুলোর তৎপরতা শুধু উদ্ধারের ভেতরেই সীমাবদ্ধ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯ জানুয়ারি পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মাদক নির্মূলের কথা বলেছেন। তিনি বলেছেন,ইয়াবা পরিবার ও সমাজ ধ্বংস করে দিচ্ছে।
এর আগে গত ২৪ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে বর্ডার গার্ড বাংলাদেশ কার্যালয়ে সীমান্ত এলাকার সাংসদদের নিয়ে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ওই বৈঠকে সব সাংসদই মাদক নির্মূলের ব্যাপারে জোর দেন। কিন্তু সরকারের এসব কর্মকাণ্ডের কোনো প্রভাবই নেই মাঠপর্যায়ে। পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক ৬ জানুয়ারি পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন,সবচেয়ে বড় সমস্যা ইয়াবা। ইয়াবা আসছে প্রতিবেশী দেশ থেকে। এটা কোনোভাবেই বন্ধ করা সম্ভব হচ্ছে না। তিনি বলেন,গত পাঁচ বছরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ লাখ ৮৭ হাজার ২৫৪ ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গ্রেপ্তারের সংখ্যাও অনেক। তাঁর মত,শুধু পুলিশ দিয়ে মাদক নির্মূল করা কঠিন।
মাদক নির্মূলে সরকারের সংস্থা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারাও স্বীকার করেছেন,মাদক পরিস্থিতি এখন তাঁদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বিশেষ করে ইয়াবার বিক্রি ও ব্যবহার অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক কার্যালয়ের তথ্যমতে,দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশির ভাগ দেশে ইয়াবা সরবরাহ করে মিয়ানমার। মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা পাচার শুরু হয় ২০০৬ সাল থেকে। ২০১২ সালে চীন ও থাইল্যান্ডের মধ্যে চুক্তির পর মিয়ানমারের মাদক উৎপাদনকারীদের জন্য সেসব দেশে পাচার কঠিন হয়ে পড়ে। তখন তারা বাংলাদেশকেই মাদক পাচারের প্রধান রুট হিসেবে ব্যবহার করতে শুরু করে। মিয়ানমারে ওয়া এবং কোকাং নামের আদিবাসী সম্প্রদায় এই মেথাএম্ফিটামিন পিল বা ইয়াবার উৎপাদনকারী। এই দুই গোষ্ঠীর লোকজন একসময় আফিম ও হেরোইন উৎপাদনে জড়িত ছিল।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণের বার্ষিক প্রতিবেদনে (২০১৭ জুনে প্রকাশিত) পরিসংখ্যান দিয়ে বলা হয়,২০০৮-এর তুলনায় ২০১৬ সালে ইয়াবার ব্যবহার ৮০ শতাংশ বেড়েছে। আর ২০১৫ তুলনায় ২০১৬ সালে বেড়েছে ৪৬ শতাংশ। এতে বলা হয়,২০১২ সালে মোট মাদকসেবীর মধ্যে ইয়াবায় আসক্ত রোগীর সংখ্যা ছিল ৫ দশমিক ৭৭ শতাংশ,২০১৬ সালে তা হয়েছে ৩১ দশমিক ৬১ শতাংশ। বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ১৫টি স্থান দিয়ে ইয়াবা পাচার হচ্ছে বলে এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়,২০১১ সালে জব্দ হওয়া ইয়াবার পরিমাণ ছিল ১৩ লাখ ৬০ হাজার,আর ২০১৬ সালে হয়েছে ২ কোটি ৯৪ লাখ। আর ২০১৭ সালে ইয়াবা উদ্ধার হয়েছে ৩ কোটি ৮০ লাখ ৯১ হাজার।