News71.com
 Bangladesh
 19 Jan 18, 11:11 AM
 149           
 0
 19 Jan 18, 11:11 AM

শাসকগোষ্ঠীর নির্মম শিকলে দেশের মানুষ বন্দি ।। খালেদা জিয়া  

শাসকগোষ্ঠীর নির্মম শিকলে দেশের মানুষ বন্দি ।। খালেদা জিয়া   

নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন,আইন,বিচার, প্রশাসন,পুলিশ সবকিছু আইন অনুযায়ী নয় বরং ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছানুযায়ী নিয়ন্ত্রিত হয়। দেশের মানুষ বর্তমানে শাসকগোষ্ঠীর নির্মম শিকলে বন্দি হয়ে পড়েছে। শহীদ আসাদ দিবস উপলক্ষে আজ শুক্রবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন,গণতন্ত্রের জন্য শহীদ আসাদের আত্মদান পরবর্তীকালে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আজও এদেশে একদলীয় শাসনের আধিপত্য প্রতিষ্ঠিত করা হয়েছে গায়ের জোরে, তাতে গণতন্ত্র ধ্বংসের পাশাপাশি সামজিক, রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট হয়েছে।

একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য নিজের জীবন দিয়ে গেছেন শহীদ আসাদুজ্জামান এমনটা উলে¬খ করে তিনি বলেন,গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিয়ে আমরা যদি এদেশের মানুষের মৌলিক ও মানবিক অধিকারকে সুপ্রতিষ্ঠিত করতে পারি, তাহলেই তার প্রতি দেখানো হবে যথাযথ সম্মান। তিনি আরো বলেন,স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা,মানুষের স্বাধীনতা নিশ্চিত ও গণতন্ত্রকে শক্তিশালীকরণই সবচেয়ে জরুরি কাজ বলে মনে করি। আর এর জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন