
নিউজ ডেস্কঃ অবৈধ স্বর্ণ মজুদ রাখার অভিযোগে করা এক মামলায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। আজ রবিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আপন জুয়েলার্সের মালিকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার জোসনা পারভীন।
এর আগে গত ৮ জানুয়ারি পাসপোর্ট জমা রাখার শর্তে অর্থপাচার মামলায় আপন জুয়েলার্সের তিন মালিক দিলদার আহমেদ সেলিম,গুলজার আহমেদ ও আজাদ আহমেদের জামিন বহাল রাখেন আপিল বিভাগ। প্রসঙ্গত,গত ৪ জুন আপন জুয়েলার্সের বেশ কয়েকটি শাখা থেকে প্রায় ১৫ মণ সোনা ও চার শ ২৭ গ্রাম ডায়মন্ড জব্দ করে শুল্ক বিভাগ। সেগুলো বাংলাদেশ ব্যাংকে জমা রাখা হয়। পরে দিলদার আহমেদ সেলিম এবং তার দুই ভাইয়ের বিরুদ্ধে কর ফাঁকি ও মানি লন্ডারিংয়ের অভিযোগে পৃথক পাঁচটি মামলা করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।