
নিউজ ডেস্কঃ সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে দেড় ঘণ্টা বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনার মধ্যে গতকাল মঙ্গলবার রাতে এই বৈঠক হলেও আলোচনায় এই বিষয়টি আসেনি বলে সাংবাদিকদের জানিয়েছেন স্পিকার। সংসদ অধিবেশন চলার মধ্যেই রাত ৯টার দিকে স্পিকারের দপ্তরে যান সরকার প্রধান শেখ হাসিনা। এরপর দিনের অধিবেশন শেষে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়াও স্পিকারের কক্ষে ঢোকেন। বৈঠক শেষে সাড়ে ১০টার সময় বেরিয়ে আসেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে স্পিকার সাংবাদিকদের বলেন,সংসদের আগামী বাজেট,উন্নয়ন কর্মকাণ্ড,সংসদ টেলিভিশনের কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে তাদের।
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না- জানতে চাইলে শিরীন শারমিন বলেন,এ নিয়ে কোনো আলোচনা হয়নি। এ প্রসঙ্গে স্পিকার জানান,রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে এখনও তিনি কিছু জানেন না। তবে আজ বুধবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা তার সঙ্গে দেখা করতে আসছেন। “কাল বিকালে সিইসি আমার সঙ্গে দেখা করবেন। তখন জানতে পারব যে উনি কেন আসছেন। রাষ্ট্রপতি নির্বাচনে শুধু সংসদ সদস্যরাই ভোট দেন এবং ভোটগ্রহণ হবে সংসদ অধিবেশনে। এই নির্বাচন পরিচালনার দায়িত্ব প্রধান নির্বাচন কমিশনারের।
বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হয়ে আসায় ২৪ জানুয়ারি শুরু হচ্ছে এই নির্বাচনের ক্ষণ গণনা;এ লক্ষ্যে নির্বাচন কমিশন প্রস্তুতিও শুরু করেছে। এর মধ্যেই গত সোমবার আইনমন্ত্রী আনিসুল হক জানান,রাষ্ট্রপতি নির্বাচনে ১৯ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হবে বলে তিনি জানতে পেরেছেন। তবে নির্বাচন কমিশন দিন-তারিখের বিষয়ে কিছুই এখনও জানায়নি। তফসিল ঘোষণার বিষয়েও কিছু বলেনি। ২০১৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২০তম রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ নেন আবদুল হামিদ। স্বাধীনতার পর থেকে ১৯ মেয়াদে এ পর্যন্ত ১৬ জন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। সেই হিসোবে আবদুল হামিদ এই পদে সপ্তদশ ব্যক্তি।