
নিউজ ডেস্কঃ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও ১১ দফা কর্মসূচি আজ বিস্মৃতপ্রায়।অথচ এই গণঅভ্যুত্থানই একাত্তরের মুক্তিযুদ্ধের প্রেক্ষিত রচনা করেছিল।ঐক্যবদ্ধ করেছিল ছাত্র-শ্রমিক-কৃষক-মধ্যবিত্তসহ সকল শ্রেণি পেশার মানুষকে। সকল বাঙালিকে। এই অভ্যুত্থানেই স্লোগান উঠেছিল শ্রমিক-কৃষক অস্ত্র ধর, পূর্ব বাংলা স্বাধীন কর।বীর বাঙালি অস্ত্র ধর, বাংলাদেশ স্বাধীন কর।আজ বুধবার বিকালে গণঅভ্যুত্থান দিবসে ‘শহীদ আসাদ ও ঊনসত্তরের গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোচনায় তিনি একথা বলেন।
রাশেদ খান মেনন বলেন, এগার দফা কর্মসূচি কোন সম্পূরক কর্মসূচি ছিল না।ছাত্র সমাজের উপলব্ধির ভিত্তিতে রচিত হয়েছিল এগার দফা যার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছিল ৬ দফার দাবিসমূহ।অন্তর্ভুক্ত ছিল পশ্চিম পাকিস্তানের এক ইউনিট বাতিলের দাবি।অন্তর্ভুক্ত ছিল ছাত্রদের দাবি, শ্রমিকের দাবি, কৃষকের দাবি, ব্যাংক-বীমা-মিল কারখানা জাতীয়করণের দাবি, সাম্রাজ্যবাদ বিরোধীতার দাবি। আর এ কারণেই ছাত্রদের ঐ এগার দফা সর্বস্তরের জনগণের দাবি হয়ে উঠেছিল। ২৪ জানুয়ারি অভ্যুত্থানের ধারাবাহিকতায় সংগঠিত হতে পেরেছিল। ঊনসত্তরের গণঅভ্যুত্থানকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস রচিত হতে পারে না।