News71.com
 Bangladesh
 25 Jan 18, 08:16 AM
 183           
 0
 25 Jan 18, 08:16 AM

অচিরেই বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।।স্থানীয় সরকার মন্ত্রী

অচিরেই বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।।স্থানীয় সরকার মন্ত্রী

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বর্তমান সরকারের বাস্তবমুখী পদক্ষেপের ফলে বাংলাদেশ অচিরেই ইউরোপ, আমেরিকার মতো উন্নত দেশে পরিণত হবে। মন্ত্রী বলেন,একটি সংঘবদ্ধ অপশক্তি বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য সর্বদা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। অপশক্তি যতই বাধা প্রদান করুক দেশের অগ্রযাত্রা থামাতে পারবে না। বর্তমান সরকার সারাবিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। উন্নয়নের কথা আসলেই বিশ্বব্যাংক, এডিবি, ইউনিসেফ সবাই এখন বাংলাদেশের কথা বলে।

মন্ত্রী আজ মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ী উপজেলায় মুন্সিগঞ্জ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি-র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। এলজিআরডি মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে বদ্ধপরিকর। মধ্যম আয়ের দেশ হতে আমরা ইতোমধ্যে তিনটি লক্ষ্য পূরণ করেছি। মাথা পিছু আয় (জিডিপি) বেড়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, দারিদ্র্যের হার হ্রাস পেয়েছে এবং উন্নত অনেক দেশের নাগরিকদের মতো আমাদেরও গড় আয়ু বেড়েছে।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই একমাত্র নেত্রী যিনি উন্নয়নের জন্য কাজ করছেন। এই সরকার জনগণের সকল চাহিদা পূরণ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকারের আমলে বিদ্যুতের উৎপাদন তিনগুণ হয়েছে। দেশের ৮০ শতাংশ লোক বিদ্যুৎ পাচ্ছে। ২০১৯ সালের মধ্যে শতভাগ লোক বিদ্যুৎ পাবে। বাংলাদেশের জনসংখ্যা বোঝা নয়,সম্পদ এ কথা উল্লেখ করে তিনি বলেন,সরকার যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে জনশক্তিকে জনসম্পদে পরিণত করতে কাজ করছে। এ প্রশিক্ষণ ইনস্টিটিউটের মাধ্যমে এ এলাকার শিক্ষার্থীগণ দক্ষ জনবলে পরিণত হবে।

মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সায়লা ফারজানা-র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মুন্সিগঞ্জ ২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মৃণাল কান্তি দাস, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন। মন্ত্রী বলেন, এ জেলা একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণে অনুকরণীয় উদাহরণ। এখানে এই সমিতির সংখ্যা ৮শ’য়েরও বেশি এবং ১০ হাজারেরও অধিক মানুষ এ সুবিধা পাচ্ছে। আর্সেনিক সমস্যাজনিত এলাকাগুলোর মধ্যে মুন্সিগঞ্জ অন্যতম উল্লেখ করে তিনি এ সমস্যা দূর করার জন্য এই জেলায় ১৩ হাজার আর্সেনিক মুক্ত গভীর নলকূপ বসানোর আশ্বাস দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন