
নিউজ ডেস্কঃ জানুয়ারির প্রথমদিকের শৈত্য প্রবাহে কেঁপেছিল সারাদেশ। দেশের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল তেঁতুলিয়ায়। এরপর আবার জীবনযাত্রা স্বাভাবিক হয়েছে। কিন্তু আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে আবার আরেকটি শৈত্য প্রবাহ আসছে। এবার দেশের পশ্চিমাঞ্চলে শৈত্য প্রবাহের মাত্রা বাড়বে। এ ছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরে কর্তব্যরত এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান,সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পরবর্তী ৭২ ঘন্টায় আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত রাজশাহী ও রংপুর বিভাগে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়,উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত থাকতে পারে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ৩৬ মিনিটে।