
নিউজ ডেস্কঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ২৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এখানে ধীর গতিতে চলছে যানবাহন। আজ শুক্রবার ভোর থেকে মহাসড়কের টাঙ্গাইলের অংশে বঙ্গবন্ধু সেতু এলাকা থেকে করটিয়া পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়েছে। এতে এই অংশের রাস্তা পাড়ি দিতে দিগুণের বেশি সময় লেগে যাচ্ছে। এ কারণে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী ও চালকরা। মহাসড়কের কয়েকটি এলাকায় ট্রাক ফেঁসে যাওয়া এবং চারলেনের কাজ চলমান থাকায় এ যানজটের সৃষ্টি হয়েছে বলে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এতে দুর্ভোগে পড়েছে যাত্রীরা।
এ ছাড়া মহাসড়ক ও ফুটপাত দখল করে ফলের দোকান, কাপড়ের দোকানসহ গড়ে তোলা হয়েছে অবৈধ দোকানপাট। বাধ্য হয়ে মানুষ মহাসড়কের ওপর দিয়ে চলাচল করছে। এতেও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ তরিকুল ইসলাম সাংবাদিকদের জানান, মহাসড়কে যানজট নিরসনে পুলিশ নিরলসভাবে কাজ করছে। আশা করছি, দ্রুতই যানবাহন চলাচল স্বাভাবিক হবে।