
নিউজ ডেস্কঃ পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন,বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা না হলে পদ্মা সেতু দুঃস্বপ্নে পরিণত হতো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দৃঢ় মনোবলের কারণে এটা সম্ভব হয়েছে। আজ শনিবার বিকেলে ঢাকার নবাবগঞ্জে তাশুল্লা উচ্চ বিদ্যালয়ের রজত জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। আনোয়ার হোসেন মঞ্জু বলেন, যে যেই দলই করুক না কেন, কিন্তু দেশকে এগিয়ে নিতে সবাইকে একসাথে কাজ করতে হবে। উন্নয়নের কারণে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড়িয়েছে।
প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি পলাশ চৌধুরির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ, ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, সাবেক সংসদ সদস্য হারুন-উর রশিদ, আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন ঝিলু প্রমূখ।